দুই জেলায় সংঘর্ষ ও হামলায় নিহত ৪
হবিগঞ্জের লাখাই ও আজমিরীগঞ্জে গত শনি ও রোববার সংঘর্ষে তিনজন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। নেত্রকোনার কেন্দুয়ায় গত রোববার দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ৫০ জন আহত হয়। শেরপুরের সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের কদম আলী (৫৫), বকুল মিয়া (৩৫), আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের রতন মিয়া (৩০) এবং শেরপুর সদর উপজেলার চরভাবনা গ্রামের মো. হাউশ আলী (৬০)। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
হবিগঞ্জ: পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লাখাই উপজেলার বুল্লা বাজারে গত শনিবার ঈদের দিন বিকেলে আম বেচাকেনা নিয়ে উপজেলার তেঘরিয়া গ্রামের জাকির মিয়ার সঙ্গে সিংহগ্রামের শাহজাহান মিয়ার কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে গত রোববার দুপুর ১২টার দিকে তেঘরিয়া ও সিংহগ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় ৫০ জন আহত হন। এঁদের মধ্যে ২২ জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত সিংহগ্রামের কদম আলী (৫৫) ও বকুল মিয়া (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজ্জাত হোসেন সংঘর্ষে দুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে গেছে, গত শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে আজমিরীগঞ্জ সদর উপজেলার হারিছ মিয়ার সঙ্গে রতন মিয়ার কথা-কাটাকাটি হয়। এর জের ধরে একপর্যায়ে তাঁদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয়জন গুরুতর আহত হন। এঁদের মধ্যে রতন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার ভোরে তিনি মারা যান। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পাশাপাশি পাঁচজনকে আটক করা হয়েছে।
কেন্দুয়া (নেত্রকোনা): পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার জালালপুর গ্রামের আসলামুল হক ও আজিজুল ইসলামের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত রোববার বিকেলে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কমপক্ষেÿ৩৫ জন আহত হন। এঁদের মধ্যে আবদুল হেলিম মল্লিক, মানিক মল্লিক, শাহ আলম, আজিজুল ইসলাম , রতন মল্লিক , মোতালেব, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর, এনামুল কবীর , মাসুদ ও রতন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া শিশুদের ফুটবল খেলার ঘটনা নিয়ে উপজেলার সাউদপাড়া ও সলপকমলপুর এলাকার লোকজন মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হন। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের কনস্টেবল নজরুল ইসলাম, আবদুল মান্নান ও বাবুল আক্তার আহত হন। কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব জানান, এসব ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশের পক্ষÿ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শেরপুর: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ৬১ শতাংশ জমি নিয়ে জেলা সদরের চরভাবনা গ্রামের হাউশ আলীর সঙ্গে একই গ্রামের এমদাদুল হক ওরফে মাডু মেম্বারের বিরোধ চলছিল। গতকাল দুপুর ১২টার দিকে এমদাদুল হকের নেতৃত্বে ৫০-৬০ জন বিরোধপূর্ণ ওই জমি দখল করতে যান। এ সময় হাউশ আলী ও তাঁর লোকজন বাধা দিলে এমদাদুলের লোকজন তাঁদের ওপর হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে প্রতিপক্ষের দায়ের কোপে হাউশ আলী ঘটনাস্থলেই মারা যান এবং তাঁর ভাতিজা হামিদুল ও হমু আহত হন। ঘটনার পরপরই এমদাদুল ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. বশির আহম্মেদ বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। হাউশ আলীর লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।