দুই জেলায় সহিংসতায় আহত ৮৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ীও ব্রাহ্মণ-বাড়িয়ার বাঞ্ছারামপুরে গতকাল মঙ্গলবার প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় এক পোলিং কর্মকর্তাসহ ৮৫ জন আহত হয়েছেন। বাঞ্ছারামপুরে ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নালিতাবাড়ী (শেরপুর): উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষের ঘটনায় ৩৫ জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মরিচপুরান ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকেরা দুপুর সাড়ে ১২টার দিকে ভোট জালিয়াতির চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। বেলা একটার দিকে বাঘবেড় ইউনিয়নের গোবিন্দনগর-কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সবুর ও দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হাসানুজ্জামানের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে উভয় পক্ষে পাঁচজন আহত হন।
আহতদের মধ্যে মোস্তাফিজুর রহমানকে (৩৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেলা একটার সময় রাজনগর ইউনিয়নে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। মরিচপুরান ইউনিয়নের উত্তর কুন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে তিনটার দিকে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): এ উপজেলার আটটি ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, বাক্স ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল উপজেলার অন্তত ৩০টি কেন্দ্রে এসব ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। জাল ভোট দেওয়া এবং পোলিং কর্মকর্তাকে মারধরের অভিযোগে মানিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাহেরচর (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন স্থগিত করেন প্রিসাইডিং কর্মকর্তা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছলিমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাতবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টার দিকে সদস্য পদপ্রার্থী মো. হিরণ মিয়ার নেতৃত্বে হামলা চালিয়ে কেন্দ্রের চারটি ব্যালট বাক্স ভাঙচুর করা হয় এবং কিছু ব্যালট বই নিয়ে কেন্দ্রের পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। এ সময় হেলাল উদ্দিন নামের এক পোলিং কর্মকর্তা হামলায় আহত হন। তেঝখালী ইউনিয়নের সদস্য পদপ্রার্থী নাছির উদ্দিনের সমর্থক দুটি পক্ষের মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম দাবি করেন, ‘আমার জানামতে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।’