দুই জেলায় ৯৬ মণ জাটকা জব্দ
নারায়ণগঞ্জ ও চাঁদপুরে গতকাল সোমবার কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৯৬ মণ জাটকা জব্দ করেন।
নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চে তল্লাশি চালিয়ে ৯০ মণ জাটকা জব্দ করেন কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা। গতকাল ভোরে ওই অভিযান চালানো হয়। স্টেশনের কমান্ডার সাব-লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, সদরঘাট টার্মিনালমুখী লঞ্চ এমভি সিলভার সান ও গাজী-৪-এ তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এ জাটকা উদ্ধার করা হয়। পরে এগুলো এতিমখানায় বিতরণের জন্য জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
চাঁদপুরের মেঘনা নদীতে এমভি কর্ণফুলী-৩ নামের লঞ্চে অভিযান চালিয়ে কোস্টগার্ডের সদস্যরা আনুমানিক ছয় মণ জাটকা জব্দ করেন। এর আনুমানিক মূল্য ৯৬ হাজার টাকা। মাছগুলো গতকাল সকালে গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার হাবিবুর রহমান বলেন, নভেম্বর মাস থেকে জাটকানিধন-বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।