দুই জেলেকে অপহরণ একজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে গত বৃহস্পতিবার রাতে ৫৫টি ট্রলারে হামলা চালায় ডাকাতেরা। তারা ওই সব ট্রলারের জেলেদের মারধর করে কমপক্ষে ৩০০ মণ ইলিশ মাছ লুট করে। এ সময় এক জেলেকে গুলি করে আহত করা হয়। যাওয়ার সময় তিনটি ট্রলারসহ দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
এফবি নীল দরিয়া ট্রলারের জেলে মো. হানিফকে (৫০) গুলিবিদ্ধ অবস্থায় বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত রোববার সকালে কুয়াকাটা থেকে ২৫ কিলোমিটার গভীর সমুদ্রে মাছ ধরার দুটি ট্রলারে হামলা চালায় ডাকাতেরা। তাদের গুলিতে চট্টগ্রামের বেঙ্গল কোম্পানির এফবি বসুন্ধরা-৪ ট্রলারের মাইজল মাঝি নিহত হন। এ ছাড়া ডাকাতেরা কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর মহিপুরের এফবি শামসুদ্দিন ট্রলারের জিয়া মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। পাঁচ লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় গতকাল শুক্রবার পর্যন্ত জিয়া মাঝিকে ছাড়েনি ডাকাতেরা।
ডাকাতদের কবল থেকে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে মহিপুর মৎস্যবন্দর আড়তদার সমিতির সভাপতি দিদারউদ্দিন আহমেদ বলেন, কুয়াকাটার আশারচর এলাকা থেকে সোনারচর পর্যন্ত এলাকাজুড়ে অনেকগুলো ট্রলার বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সাগরে মাছ ধরছিল। এ সময় ৩০-৪০ জনের একদল সশস্ত্র ডাকাত দুটি ট্রলারে এসে অস্ত্র দেখিয়ে জেলেদের জিম্মি করে। একপর্যায়ে মহিপুরের নিজু মাঝির এফবি আল ইসলাম ট্রলারসহ তিনটি ট্রলারের জেলেদের মারধর করে অন্য একটি ট্রলারে উঠিয়ে দেয়। ওই তিনটি ট্রলারসহ আল ইসলাম ট্রলারের জেলে আবদুস সোবাহান (৩০) ও এফবি নীল দরিয়া ট্রলারের জেলে রত্তন মাঝিকে (৩৬) অপহরণ করে নিয়ে যায়।
আল ইসলাম ট্রলারের মালিক নিজু মাঝি বলেন, ‘ডাকাতের ভয়ে প্রতিবছর সাগরে মাছ ধরার জাইল্যার সংখ্যা কইম্যা যাইতেছে। মালিকরাও মুক্তিপণ দিতে দিতে দিশেহারা অইয়া পড়ছে।’
সাগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বল টহলের কারণে ঘন ঘন ডাকাতির ঘটনা ঘটছে বলে মনে করেন মহিপুরের জেলে মো. জালাল উদ্দিন। তিনি বলেন, ‘এই অবস্থার উন্নাতি না অইলে ক্যামনে মাছ ধরতে যামু।’
কুয়াকাটার জেলে আবদুর রহমান বলেন, ‘এক সপ্তাহের ব্যবধানে দুইফির ডাকাতির ঘটনায় কোনো জাইল্যাই তো সাগরে মাছ ধরতে যাইতে সাহস পাইতেছে না।’
মহিপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আবুল কাশেম বলেন, ‘সাগরে ডাকাতি হওয়ার খবর পেয়েছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।’