দুই টন জাটকা জব্দ
লক্ষ্মীপুরের কমলনগরে গত বুধবার রাতে পুলিশ ট্রাকভর্তি প্রায় দুই টন জাটকা জব্দ করেছে।
কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান জানান, বুধবার গভীর রাতে উপজেলার সাহেবেরহাট রাস্তার মাথায় কয়েকজন মাছ ব্যবসায়ী একটি ট্রাকে জাটকা বোঝাই করছেন—এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে প্রায় দুই টন জাটকাসহ একটি ট্রাক জব্দ করা হয়। ওই সময় ট্রাকচালক খোকন মিয়া ও নজরুল ইসলাম নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার খোকন মিয়া ও নজরুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অপরাধ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল আলম মজুমদার তাঁদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরিমানা করেন।
সাইদুর রহমান জানান, আটক ট্রাকটি পুলিশের হেফাজতে আছে।
কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, জব্দ করা জাটকা গতকাল দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে।