দুই টাকার নোটও পাচারের চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডলার, পাউন্ড বা বিদেশি কোনো মুদ্রা নয়, দেশ থেকে পার্সেলে করে পাচারের চেষ্টা হচ্ছিল দুই টাকার কাগুজে নোট! এর সংখ্যা মাত্র ৫৬ হাজার টাকা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত বৃহস্পতিবার পাচারের সময় এই টাকা জব্দ করা হয়।

এত অল্প টাকা পাচারের চেষ্টাকে অস্বাভাবিক মনে করছে শুল্ক গোয়েন্দারা। এ জন্য তারা তদন্তও শুরু করেছে। তারা মনে করছে, জাল টাকা তৈরি অথবা পাচারের জন্য পথ যাচাই করার উদ্দেশ্যেই দুই টাকার নোটগুলো পাচারের চেষ্টা হয়েছে। পার্সেলে প্রেরকের যে নাম-ঠিকানা দেওয়া হয়েছে, সেখানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সূত্র বলেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে ডাক বিভাগের বৈদেশিক শাখার মাধ্যমে চীন ও হংকংয়ে পাঠানোর সময় দুটি পার্সেল নজরদারি করা হয়। পার্সেল দুটি খুলে দুই টাকার ২৮ হাজার নোট পাওয়া যায়। দুটি পার্সেলের ওজন ছিল ২৮ কেজি। পোস্টাল পার্সেলে এভাবে বাংলাদেশি মুদ্রা পাঠানো যায় না। এতে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ভঙ্গ হয়েছে। ঘোষণা ছাড়া এই টাকা পাঠানোয় শুল্ক আইনে মিথ্যা ঘোষণার অপরাধ হয়েছে। পার্সেলে দেওয়া ঠিকানা অনুযায়ী রাজধানীর যাত্রাবাড়ীর ডা. রেদওয়ান আল করিম ভূঁইয়া হংকং ও চীনের বেইজিংয়ে এটি পাঠাচ্ছিলেন।

যোগাযোগ করা হলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক সফিউর রহমান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, অভিনব পদ্ধতিতে দুই টাকার নোট পাঠানোর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। পাচারকারী দল বা ব্যক্তি পাচারের পথ যাচাই করার উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে টাকাগুলো পাঠানোর চেষ্টা করে থাকতে পারে। এর মাধ্যমে তারা হয়তো বুঝতে চেয়েছে, পাচারের সময় কোথাও বাধা পাওয়া যায় কি না। আবার বিদেশে এই টাকাগুলো পাঠিয়ে কাগজের মণ্ড বানানোরও উদ্দেশ্য থাকতে পারে। ওই মণ্ড থেকে জাল ডলার, বাংলাদেশি ১০০০ ও ৫০০ টাকার জাল নোট বানানো যেতে পারে।

তবে টাকা থেকে মণ্ড বানিয়ে তা থেকে জাল নোট বানানোর সম্ভাবনা কম বলে জানিয়েছেন বাংলাদেশের কাগজি মুদ্রা ছাপার প্রতিষ্ঠান দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দীন আহমেদ। প্রথম আলোকে তিনি বলেন, দুই টাকার কাগজি মুদ্রায় একধরনের সুতা ও জলছাপ আছে। সে কারণে এই মুদ্রা অন্য দেশের মুদ্রায় রূপান্তর সম্ভব নয়। আর কাগজে রূপান্তর করতে যে অর্থ ব্যয় হবে, তার চেয়ে কম ব্যয়ে একই ধরনের কাগজ সংগ্রহ করা সম্ভব। তিনি বলেন, দুই টাকার নোট পাচারের চেষ্টার পেছনে ভিন্ন কারণ থাকতে পারে।

গতকাল পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি। এ সম্পর্কে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক সফিউর রহমান বলেন, পার্সেলের মাধ্যমে টাকাগুলো পাঠানো হচ্ছিল। তাই হাতেনাতে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পার্সেলে প্রেরকের (ডা. রেদওয়ান) যে ঠিকানা দেওয়া হয়েছে, সে ঠিকানায় যোগাযোগ করা হয়েছে। ওই ঠিকানায় গিয়ে রেদওয়ানকে পাওয়া যায়নি। তিনি এখন ওমানে আছেন। দু-এক দিনের মধ্যেই পাচারচেষ্টার রহস্য উদ্‌ঘাটিত হবে বলে সফিউর রহমান আশা প্রকাশ করেন।