দুই টেলিটক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার নিয়ন্ত্রিত মোবাইল অপারেটিং কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেডের চাকরিচ্যুত দুজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এই দুজন হলেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাবেক সহকারী ব্যবস্থাপক (সিস্টেম অপারেশন) এস এম তারেক রহমান ও সাবেক সহকারী ব্যবস্থাপক (মার্কেট ডেভেলপমেন্ট) সাবিবুর রহমান ওরফে শিপলু।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, টেলিটক তথা সরকারের প্রায় ১০ কোটি টাকা আত্মসাত করে পাচারের অভিযোগে এই দুজনের বিরুদ্ধে দু-এক দিনের মধ্যেই মামলা করা হবে।

দুদকের উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান এ অভিযোগ অনুসন্ধান করেছেন। অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন এই দুজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে।

দুদক সূত্র জানায়, এস এম তারেক রহমান ও সাবিবুর রহমান ওরফে শিপলু ২০১০ সালের অক্টোবর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রি-পেইড মোবাইলকে পোস্ট-পেইডে রূপান্তর করে বিলিং সিস্টেমের বাইরে রেখে ৯ কোটি ৭৪ লাখ ১৫ হাজার ৩০৬ টাকা আত্মসাৎ করেন। এই অর্থ তাঁরা পাচার করেছেন বলে সন্দেহ করা হয়। দুদকের অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন তাঁদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯-এর ৪(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ও (৩) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেয়। বাসস