বগুড়ার শিবগঞ্জ উপজেলার খুলাকাতী গ্রামে গতকাল রোববার দুই ট্রাকচালকের বাদানুবাদে প্রাণ হারাতে হয়েছে বাবা ও ছেলের। তাঁরা হলেন উপজেলার অনন্তবালা গ্রামের আবু তাহের ও ছেলে রিয়াদ আহমেদ।
একই দিন নাটোর সদর উপজেলায় বাস চাপায় সদর হাসপাতালের ওয়ার্ড বয় মনসুর রহমান নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এর আগে গত শনিবার গাইবান্ধা সদর উপজেলার সাহারবাজার এলাকায় অটোরিকশার ধাক্কায় নান্টু মিয়া এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভটভটির ধাক্কায় আবদুল জব্বার নামে দুই ব্যক্তি মারা যান। প্রতিনিধিদের পাঠানো খবর:
শিবগঞ্জ (বগুড়া): সকালে অনন্তবালা গ্রামের আবু তাহের (৪৫) তাঁর দুই ছেলে রিয়াদ আহমেদ (৭) ও হৃদয় আহমেদকে (১০) সাইকেলে করে মহাস্থান বাজারে যাচ্ছিলেন। এ সময় খুলাকাতী গ্রামের কাছে বালুবোঝাই দুটি ট্রাক মুখোমুখি হয়। এ সময় পাশ দেওয়া নিয়ে দুই ট্রাকচালক বাদানুবাদ শুরু করেন। একপর্যায়ে একজন চালক তাঁর প্রতিপক্ষকে সড়কের পুরোটা বন্ধ করে আরও বিপাকে ফেলতে ট্রাকটি দ্রুত পেছনে আনার জন্য গিয়ার ফেলেন। এতে ওই ট্রাকের পেছনে থাকা সাইকেলকে ধাক্কা দিলে বাবা ও ছেলেরা ছিটকে সড়কের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই আবু তাহের ও রিয়াদ আহমেদ মারা যান। হৃদয় আহমেদও আহত হয়। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পরই ট্রাকচালকেরা পালিয়ে যান।
নাটোর: রাত্রিকালীন দায়িত্ব পালন শেষে নাটোর সদর হাসপাতালের ওয়ার্ড বয় মনসুর রহমান (৫৫) মোটরসাইকেলে করে বাগাতিপাড়া উপজেলার করমদর্শী গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় পেছন থেকে হিমেল পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ বাসটিকে আটক করতে পারলেও চালক ও তাঁর সহকারী পালিয়েছেন।
গাইবান্ধা: সদর উপজেলার সাহারবাজার এলাকায় শনিবার রাতে অটোরিকশার ধাক্কায় নান্টু মিয়া (৬০) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তিনি একই উপজেলার কুমিতপুর গ্রামের বাসিন্দা। নান্টু মিয়া ঘটনার দিন রাত ১০টার দিকে সাহারবাজার এলাকায় গাইবান্ধা-সাদুল্যাপুর সড়ক পার হচ্ছিলেন। এ সময় সাদুল্যাপুরগামী একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): সড়ক দুর্ঘটনায় আহত উপজেলার বৈরচুনা ইউনিয়নের মোহনপুর গ্রামের আবদুল জব্বার (৫৮) শনিবার দিবাগত রাত একটার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। জব্বার বৈরচুনা বোর্ড হাট থেকে বাজার করে শনিবার সন্ধ্যায় বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বৈরচুনা বাজারের কাছে পেছন দিক থেকে একটি যাত্রীবোঝাই ভটভটি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।