দুই ঠিকাদারের মধ্যে মারামারি, ভাঙচুর
গাজীপুর সিটি করপোরেশনে ক্ষমতাসীন দলের সমর্থক দুই ঠিকাদারের মধ্যে মারামারি হয়েছে। এ সময় সিটি করপোরেশনের কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয়। গতকাল বুধবার দুপুরে নগর ভবনে এ ঘটনা ঘটে।
মারামারি থামাতে গিয়ে সিটি করপোরেশনের কাউন্সিলর জান্নাতুর রহমান, শওকত আলম, মহিলা কাউন্সিলর আয়েশা খাতুন ও দুই ঠিকাদার আহত হয়েছেন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনের তৃতীয় তলায় দুই ঠিকাদার জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহজাহান ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিপনের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। শাহজাহান একপর্যায়ে কামরুজ্জামানকে মারধর করেন। খবর পেয়ে কামরুজ্জামানের ভাই গাজীপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন লোকজন নিয়ে সেখানে যান। এ সময় তাঁরা ঠিকাদার শাহজাহানকে মারধর শুরু করেন। খবর পেয়ে শাহজাহানের লোকজনও লাঠিসোঁটা নিয়ে নগর ভবনে পৌঁছে বিভিন্ন কক্ষে কামরুজ্জামান ও তাঁর ভাই আলী হোসেনকে খুঁজতে থাকেন। পরে তাঁরা নগর ভবনে আলী হোসেন ও কামরুজ্জামানকে পেয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁরা সিটি করপোরেশন ভবনের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আকবর হোসেনের টেবিলের কাচ ভাঙচুর করেন। এরপর নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান, সহকারী প্রকৌশলী এস এম সামসুর রহমান, শহর পরিকল্পনাবিদ ও প্রকৌশল বিভাগের কক্ষের জানালার কাচ ও বিভিন্ন স্থানে থাকা ফুলের টব ভাঙচুর করেন। মারামারি থামাতে গিয়ে তিন কাউন্সিলরসহ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঠিকাদার কামরুজ্জামান ও আলী হোসেন দাবি করেন, তাঁরা শাহজাহানের কাছে চার লাখ ১৭ হাজার টাকা পান। মঙ্গলবার তাঁরা সিটি করপোরেশনের ২ ও ৩ নম্বর জোনের কাজের শিডিউল ক্রয় করেন। পাওনা টাকা চাইতে গেলে এবং শিডিউল কেনার কারণে শাহজাহানের লোকজন তাঁদের মারধর করেছে।
এ ব্যাপারে কথা বলতে ঠিকাদার শাহজাহানের মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি।
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান বলেন, দুই ঠিকাদারের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিটি করপোরেশনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের পুলিশ সুপার মুহাম্মদ হারুন অর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।