দুই ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার দুই ডাকাত তিন দিনের ব্যবধানে নিহত হয়েছে। এ ছাড়া জনতা ও পুলিশের হাতে ধরা পড়েছে আরও চার ডাকাত।
নিহত দুই ডাকাত হলো বদরগঞ্জ উপজেলার বসন্তপুর বানিয়াপাড়া গ্রামের রবিউল আলম ওরফে রবি (২৮) ও কাঁচাবাড়ি চৌকিদারপাড়া গ্রামের গাওসুল আযম (৩০)। রবিউল আলম গত মঙ্গলবার রাতে রংপুর মহানগরের মাটিয়াপাড়া-নয়ারহাট সড়কের মাটিয়াপাড়ার কাছে দুই মোটরসাইকেল আরোহীকে আটকে ডাকাতি করার সময় ধরা পড়ে গণপিটুনিতে মারা যায়। এ সময় জনতা আরও তিন ডাকাতকে আটক করে ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। এরা হলো তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি গ্রামের রাজু মিয়া (২৫), রংপুর কোতোয়ালি থানাধীন মমিনপুর গ্রামের মোকছেদুল হক (৩০) ও বদরগঞ্জের বানিয়াপাড়া গ্রামের আলমগীর হোসেন (২৫)।
এ ছাড়া গত বৃহস্পতিবার ভোরে বদরগঞ্জ-রংপুর সড়কের শাহ্জালাল হিমাগারের কাছে ডাকাত গাওসুল আযমের লাশ পাওয়া যায়। বদরগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে রংপুর মহানগরের কলেজ সড়কের চারতলা মোড়ের বাসিন্দা আকমল হোসেনের বাসার বারান্দার গ্রিল কেটে দুটি মোটরসাইকেল চুরি হয়। বৃহস্পতিবার ভোরে সড়কের পাশে এর একটি মোটরসাইকেল ও গাওসুল আযমের লাশ পড়ে ছিল।
গত শুক্রবার পুলিশ রংপুর নগরের জুম্মাপাড়া এলাকা থেকে আরেক ডাকাত আবদুল হাদীকে গ্রেপ্তার করে।