দুই ডাকাতের চোখ নষ্ট করেছে প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ডাকাত দলের দুই সদস্যের দুটি চোখই নষ্ট করে দিয়েছেন প্রতিপক্ষ আরেকটি ডাকাত দলের সদস্যরা। এ সময় আর এক ডাকাতকে পিটিয়ে মারাত্মক আহতও করেছেন তাঁরা। আজ সোমবার ভোরের দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত তিন ডাকাতকে পুলিশ হেফাজতে প্রথমে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, আহত তিনজনই পেশাদার ডাকাত। তাঁদের বিরুদ্ধে চকরিয়া ও মহেশখালী থানায় চার-পাঁচটি করে মামলা আছে।
ডাকাত দলের আহত সদস্যরা হলেন মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের হাবিব উল্লাহ ওরফে লেদু (৩০), মাতারবাড়ি ইউনিয়নের নতুন বাজার এলাকার সাদ্দাম হোসেন (২৯) ও চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ছনুয়াপাড়া গ্রামের আবুল হোসেন ওরফে পাখি (৩০)। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ছাবের বলেন, হাবিবের দুই চোখ সম্পূর্ণ তুলে ফেলা হয়েছে। সাদ্দামের দুই চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। তিনি বলেন, চোখের ভেতর আঙুল ঢুকিয়ে দিয়ে এই কাজ করা হয়েছে।
আহত আবুল হোসেন ওরফে পাখি সাংবাদিকদের বলেন, তাঁরা পাঁচজন চরণদ্বীপ এলাকার একষট্টি প্লট এলাকার একটি চিংড়ি ঘেরের খামার বাড়িতে ঘুমাচ্ছিলেন। ভোরের দিকে ডাকাত জালালের নেতৃত্বে নুরুল আমিন, ইউছুফ, বাইট্টা আজিজ, কাদের, মঞ্জুর আলমসহ ১০-১৫ জন ডাকাত খামার বাড়ির চারপাশে ঘিরে ফেলে। ওই সময় দরজা ভেঙে ভেতরে ঢুকে লেদু, সাদ্দাম ও পাখিকে বেঁধে ফেলে। বাকি দুজন পালিয়ে যায়। পরে তাদের তিনজনকে একটি নৌকায় তুলে সওদাগরঘোনার বাটামনি খালের মুখ এলাকায় এনে সাদ্দাম ও লেদুর চোখ তুলে নেয়। এরপর আবারও নৌকায় তুলে চরণদ্বীপ চর এলাকায় তিনজনকে ফেলে ডাকাতেরা চলে যায়। আবুল হোসেন বলেন, ঘটনার পুরোটা সময় তাঁর চোখ বাঁধা ছিল। কীভাবে ওই দুজনের চোখ তুলে ফেলা হয়েছে সেটা তিনি দেখেননি।
স্থানীয় লোকজনের ভাষ্য, একষট্টি প্লট এলাকায় চিংড়ি ঘের ঘিরে ডাকাতদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘেরের মালিকেরা ঘের ও মাছ রক্ষা করার জন্য একেক সময় একেক ডাকাত দলকে ঘের ‘পাহারা’র দায়িত্ব দেয়। এর আগে ডাকাত সর্দার জালালের নেতৃত্বে একদল ডাকাত ঘেরটি দেখাশোনা করত। গত বছরের মে মাসে খোরশেদুল আলম নামের এক ডাকাতকে প্রতিপক্ষরা মেরে ফেলার পর ঘের মালিকেরা লেদুর নেতৃত্বাধীন ডাকাত দলকে ঘেরের দায়িত্ব দেয়। এরপর থেকে দুই ডাকাত দলের মধ্যে বিরোধ শুরু হয়।