দুই ডাকাতের ১২ বছর কারাদণ্ড
পিরোজপুরের কাউখালী উপজেলার সুবিদপুর গ্রামের এক বাড়িতে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে ১২ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের মো. কামাল ওরফে মালেক (৪০) ও ঝালকাঠির রাজাপুর উপজেলার কাটিপাড়া গ্রামের মো. মিলন ওরফে মিল্লাত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত কাউখালী উপজেলার নিলকি গ্রামের মনির হোসেন ও জাকির হোসেন নামের দুই আসামিকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৩ মে রাতে কাউখালী উপজেলার সুবিদপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের বাড়িতে ডাকাতি হয়। এ সময় কামাল ও মিলনকে আটক করে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী। এ ঘটনার পরদিন মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে স্থানীয় থানায় চারজনের বিরুদ্ধে ডাকাতি মামলা করেন।