দুই তরুণ গ্রেপ্তার বাইক, মুঠোফোন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীপাড়ের বিনোদনকেন্দ্রে বেড়াতে এসে দুর্বৃত্তদের ছুরির আঘাতে রাজু মিয়া (২২) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে সুমন (১৯) নামের একজনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করা হয়। অপর সন্দেহভাজন হিসেবে আটক হৃদয় মিয়াকে (২৫) কিশোরগঞ্জ আদালতে গ্রেপ্তার দেখানো হয়।
সুমন পৌর শহর ভৈরবপুর উত্তরপাড়ার দুলাল মিয়ার ও হৃদয় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার আসাদ মিয়ার ছেলে। হৃদয়ের বিরুদ্ধে ভৈরব থানায় হত্যা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।
আশুগঞ্জ থানা-পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে প্রথমে সুমনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁর বাড়ি থেকে খুনের সময় ব্যবহার করা মোটরসাইকেলটি (নম্বরবিহীন) উদ্ধার করা হয়। পরে সুমনের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী হৃদয়ের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় রাজুর ব্যবহার করা মুঠোফোন সেটটি। খুন হওয়ার পর থেকে সেটটি হৃদয়ের বোন সঞ্চিতা বেগমের জিম্মায় ছিল। তবে হৃদয়কে আরেকটি মামলায় দুদিন আগে গ্রেপ্তার করে ভৈরব থানা-পুলিশ। গতকাল তাঁর জামিন আবেদন করতে আদালতে ওঠানোর সময় আশুগঞ্জ থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজু হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, সুমন হত্যার কথা স্বীকার করেছেন। সুমন জানান, হৃদয় ও ভৈরব বাসস্ট্যান্ড এলাকার মতি মিয়ার ছেলে হানিফ মিয়া তাঁর ভালো বন্ধু। এক মোটরসাইকেলে চড়েই তাঁরা তিনজন আশুগঞ্জ যান। আশুগঞ্জ নদী পার যাওয়ার পর একটি দোকানে থামেন তাঁরা। তখন নদীর পাড়ে মুঠোফোনের ক্যামেরায় তিনজনকে ছবি তুলতে দেখেন তাঁরা। হানিফ গিয়ে তাঁদের কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় রাজু বাধা দিলে হানিফ ছুরিকাঘাত করেন।
নিহত রাজু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উরখুলিয়া গ্রামের বাসিন্দা। বাবার নাম মৃত আবদুল লতিফ মিয়া। ঈদ উপলক্ষে রাজু তাঁর দুই নিকটাত্মীয় মিরাজুল মিয়া (১৮) ও অনন্ত মিয়াকে (১৭) নিয়ে ৬ জুলাই বিকেলে আশুগঞ্জে বেড়াতে আসেন। এ সময় খুন হন তিনি। এ ঘটনায় পরদিন রাজুর বড় বোন সনিয়া বেগম অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন।