দুই তরুণসহ তিনজন খুন
নরসিংদীতে গতকাল শনিবার জায়েদুল খান ও জয় আহমেদ নামের দুই তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মিতু নামের এক কিশোরী আহত হয়। মানিকগঞ্জের সাটুরিয়ায় আবদুল লতিফ নামের এক ব্যক্তি খুন হয়েছেন।
নরসিংদীতে নিহত জায়েদুল (২৩) শিবপুর উপজেলার আইয়ুবপুর গ্রামের জালাল খানের ছেলে ও জয় আহমেদ (১৮) সদর উপজেলার ঘোড়াদিয়া গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন মিতু বলে, ‘কাজ করতে নীলক্ষা থেকে নরসিংদী আসছি। সিএনজিতে জায়েদুলের সঙ্গে পরিচয় হয়। জায়েদুলের সঙ্গে তাঁর চাচির বাসায় থাকি। গতকাল দুপুরে বাসার পাশে বাগানে তাঁর বন্ধু জয়সহ আমরা বসে কথা বলার সময় ১০-১২ জন ছেলে আসে। কোনো কথা না বলেই তারা চাপাতি বের করে কোপাতে থাকে। আমি উঠে দৌড় দেওয়ার চেষ্টা করি। তারা পেছন দিক থেকে কোপ মারে।’
ঘটনাস্থলেই জায়েদুল মারা যায়। লোকজন মিতুকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ও জয়কে সদর হাসপাতালে ভর্তি করায়। পরে জয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাদিরুল আমিন বলেন, ‘জয়ের ঘাড়ে ধারালো অস্ত্রের গভীর ক্ষত পাওয়া গেছে। অনেক রক্তক্ষরণ হয়েছে। তাই তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।’
সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিহত কারও পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. খালেদ ইবনে মালেক বলেন, ঠিক কী কারণে হত্যার ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে।
সাটুরিয়ায় খুন হওয়া দিনমজুর আবদুল লতিফ (৩৬) ওই গ্রামের নাজিমুদ্দিনের ছেলে। গতকাল বিকেলে সাটুরিয়া সদর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, স্ত্রীর সম্পর্কের জের ধরে লতিফকে হত্যা করা হয়েছে।
লতিফ গত শুক্রবার সকালে আখমাড়াইয়ের কাজে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজার একপর্যায়ে গতকাল বিকেল চারটার দিকে বাড়ির অদূরে একটি ভুট্টাখেতে তাঁর রক্তাক্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সাটুরিয়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।