দুই তরুণীসহ তিনজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে গতকাল বুধবার এক সেবিকাসহ দুই তরুণীর এবং সিরাজগঞ্জে এক তাঁতশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: পৌর এলাকার বালুবাগান মহল্লার একটি বাড়ি থেকে গতকাল বেলা ১১টার সাইকা খাতুন (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। নিহত তরুণীর বাবা আবু সাঈদ ও সদর থানার ওসি জসীম উদ্দীন জানান, সাইক খাতুন বাবার সঙ্গে বালুবাগানের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর বাবা নৈশপ্রহরীর কাজ করেন। মঙ্গলবার রাতে তাঁর বাবা কাজে চলে যান এবং সকালে এসে শোবার ঘরের বিছানার ওপর মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। সাইকার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
একই দিন বিকেলে শিবগঞ্জ উপজেলার পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে খায়রুন্নেসা (২৩) নামের এক সেবিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সিরাজগঞ্জ: চৌহালী উপজেলায় নিখোঁজ হওয়ার সাত দিন পর গতকাল সুজন চন্দ্র সরকার (১৮) নামের এক তাঁতশ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। সকাল ১০টার দিকে উপজেলার মাধবপুর এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাজশাহীতে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু: গতকাল দুপুরে রাজশাহীর চারঘাটে বড়াল নদে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ওই ছাত্রের নাম নাজমুল হক ওরফে কাজল। তার বাবার নাম নিজাম উদ্দিন।