দুই দফা অভিযানের পরও উচ্ছেদ হয়নি ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটভাটায় প্রথমবার উচ্ছেদ অভিযানের পর দ্বিতীয় দফা অভিযানে প্রশাসনের লোকজনের ওপর হামলার চেষ্টা করা হয়। এ সময় ইটভাটার মালিককে জরিমানা করা হয়। এরপরও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সংরক্ষিত বনের পাশে কাঠ পুড়িয়ে ইট তৈরি করছে এএসএম নামের এক ইটভাটা।
এএসএম ইটভাটাটি উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পলিরামদেবপুর (খলিসাগাড়ি) এলাকায় অবস্থিত। এ ইটভাটাটি চরকাই রেঞ্জের হরিপুর বিটের আওতাধীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ বলেন, গত অক্টোবর মাসের শেষের দিকে পলিরামদেবপুর এলাকার সোহেল রানা সংরক্ষিত বনের পাশে অবৈধভাবে চিমনি ভাটা গড়ে তোলেন। ৩ জানুয়ারি তিনি (ইউএনও) কাঠ পুড়িয়ে এ ভাটায় ইট তৈরির কথা জানতে পারেন। ৬ জানুয়ারি পুলিশ ও ফায়ার সার্ভিসের ফুলবাড়ী স্টেশনের সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তিনি ওই ইটভাটার চিমনি ভেঙে ফেলেন। পানি দিয়ে কাঁচা ইট ধ্বংস করেন। অভিযান টের পেয়ে ভাটার মালিক সোহেল রানা পালিয়ে যান। এর এক দিন পর আবারও টিনের চিমনি উঠিয়ে ইট পোড়ানো শুরু হয়। জানতে পেরে ১২ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় সোহেল রানার লোকজন তাঁর (বজলুর) ওপর হামলার চেষ্টা করেন। পরে তাঁরা ভাটার এক কর্মচারীকে ধরে নিয়ে আসেন। এরপর ইটভাটার মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ওই কর্মচারীকে ছেড়ে দেওয়া হয়।
চরকাই রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান সরকার বলেন, এএসএম ইটভাটাটি চরকাই রেঞ্জের হরিপুর বিটের ২০ মিটারের মধ্যে নির্মাণ করা হয়েছে। ভাটাটি যখন নির্মাণ করা হয়, তখন বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।
ইউএনও বলেন, শিগগিরই ওই ইটভাটায় আবার অভিযান চালিয়ে তা উচ্ছেদ করা হবে।