দুই দফা পেটানোর পর ক্লিনিকে কিশোরের মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় শাকিল খান (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাকে দুই দফায় পেটানোর পর গতকাল শনিবার সন্ধ্যায় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
শাকিলের পিতার নাম মো. রফিক। মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকার সুলতানগঞ্জের একটি ভাড়া বাসায় তাঁরা থাকতেন।
শাকিলের চাচা মনির হোসেনের দাবি, গত বৃহস্পতিবার সন্ধ্যায় রায়েরবাজার এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে যায় শাকিল। ওই অনুষ্ঠানে চলা নাচগানে অন্য তরুণদের মতো শাকিলও যোগ দেয়। নাচতে নাচতে শাকিলের সঙ্গে হঠাৎ এক নারীর ধাক্কা লাগে । এতে শাকিলের মাথার আঘাত লেগে ওই নারীর ঠোঁট ফেটে যায়। এরপর ঘটনাস্থলে উপস্থিত থাকা ওই নারীর স্বামী কামাল এবং দুই ছেলে আকাশ ও সাগর শাকিলকে মারধর করেন। গত শুক্রবার বিকেলে শাকিলকে একা পেয়ে আকাশ ও সাগরের দলবল আবার শাকিলকে বেধড়ক মারধর করে। রাতের বেলা বাসায় এসে মারধরের কথা তার বাবাকে বললে শাকিলকে কেয়া মেডিকেল নামের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত আটটার দিকে শাকিল মারা যায়।
মনির হোসেনের ভাষ্য, ক্লিনিক থেকে শাকিলের লাশ বাসায় এনে আজ রোববার সকাল আটটার দিকে পুলিশকে খবর দেওয়া হয়। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কমল কৃষ্ণ সাহা এসে শাকিলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান।
এসআই কমল কৃষ্ণ সাহা বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় শাকিলের সঙ্গে ধাক্কা লাগা আছিয়া (৩৮) নামের ওই নারীকে আটক করা হয়েছে।