দুই দারোয়ানকে বেঁধে দুটি গাড়ির যন্ত্রাংশ নিয়ে গেল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকার একটি বহুতল আবাসিক ভবনের দুই দারোয়ানকে বেঁধে দুটি গাড়ির যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত শনিবার দিবাগত রাত দুইটা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ১৩ নম্বর সড়কের ৩১৩ নম্বর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভবনের একটি ফ্ল্যাটের বাসিন্দা মোহাম্মদ সাহেদ প্রথম আলোকে বলেন, বাড়ির নিচতলার গ্যারেজে চারটি গাড়ি ছিল। তিন দুর্বৃত্ত বাড়ির দুই দারোয়ান মেহের আলী ও মোহাম্মদ ইব্রাহিমের চোখ, হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে
রাখে। এরপর বাইরে অপেক্ষমাণ আরও কয়েকজন দুর্বৃত্ত ভবনের গ্যারেজে প্রবেশ করে। তারা প্রিমিও এবং এলিয়ন কারের স্টিয়ারিং, সুইচ, মিটার বোর্ড, হেডলাইট, ব্যাক লাইট, লুকিং গ্লাসসহ মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। এসব যন্ত্রাংশের মূল্য প্রায় ১২ লাখ টাকা।
মোহাম্মদ সাহেদ বলেন, যন্ত্রাংশ খুলে নিয়ে যাওয়া একটি গাড়ি তাঁর। অন্যটি ভবনের মালিক জাহেদ হোসেন সিদ্দিকীর। গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনায় তাঁরা দুজন থানায় মামলা করবেন বলে জানান।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, গাড়ির যন্ত্রাংশ চুরি হওয়ার অভিযোগ পেয়েছেন। মামলা করার পর পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেবে।