প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণের দুই দিন পর গতকাল বুধবার দুপুরে রাজধানীর রমনা থানার মিরবাগ এলাকা থেকে তারেক হোসেন নামের এক তরুণকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি এ ঘটনায় তারেকের মামাতো ভাই মাসুদ রানা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে। ডিবি সূত্র জানায়, তারেক শ্রমিকের ভিসায় ফ্রান্সে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ফ্রান্সে যাওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গত সোমবার ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসেন। তিনি মামাতো ভাই মাসুদ রানার বন্ধু আল আমিনের সঙ্গে যোগাযোগ করেন। পরে আল আমিন তাঁকে ঘুরতে হাতিরঝিলে নিয়ে যান। সেখান থেকে তাঁকে মিরবাগের একটি গ্যারেজে নিয়ে আটকে রাখা হয়। ওই দিনই তারেকের বাবা জীবন মিয়ার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মাসুদ। জীবন মিয়া ছেলেকে উদ্ধার করতে ঢাকায় এসে ডিবির শরণাপন্ন হন।