দুই দিন পর মামলা, তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে ছাত্রলীগের দুই কর্মী হত্যার ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে মৌলভীবাজার সদর উপজেলার ফতেহপুর থেকে একজন এবং কুলাউড়া উপজেলার পাবই থেকে অপরজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার ফতেহপুরের আল জামিল (১৮) ও কুলাউড়া উপজেলার পাবইয়ের কনক দাশ (১৮)। তাঁরা মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এর আগে ঘটনার রাতেই শহরের বেরিরচর এলাকা থেকে রুবেল মিয়া নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার তিনজনকে গতকাল অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, নিহত কলেজছাত্র মোহাম্মদ আলী শাবাবের মা সেলিনা রহমান চৌধুরী গত শনিবার রাতে মৌলভীবাজার সদর মডেল থানায় ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করে মামলাটি করেন। আসামিরা হচ্ছেন আনিসুল ইসলাম(২৭), আরাফাত রহমান (২০), সৈয়দ সৌমিক (২২), আশফাকুল ইসলাম (২০), আল জামিল (১৮), সনি হায়দার (২০), রুবেল মিয়া (২৮), কনক দাশ (১৮), সৈয়দ পথিক হাসান (২০), হৃদয় আহমদ (২১), তামিম হাসান (২০) ও ফাহিম মুস্তাসির (২০)।

এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে আসামিদের তথ্য প্রদানকারীকে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। অন্যান্য আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের চারটি দল অভিযান পরিচালনা করছে বলে জানানো হয়েছে।

পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে জানিয়েছে, সিনিয়র-জুনিয়র বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহাম্মদ বলেন, ঘটনার তিন দিন আগে নিহত মাহী এক জুনিয়র ছেলেকে মারধর করেন। ঘটনার দিন ওই জুনিয়র ছেলের পক্ষের কয়েকজন মাহীকে আটক করেন। পরে মাহীর পক্ষের শাবাবকেও সেখানে নিয়ে আসা হয়। শাবাব আসার পর উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি লেগে যায়। পরে আক্রমণের ঘটনা ঘটে। এতে দুজন মারা যান। খুবই সামান্য বিষয় নিয়ে ঘটনাটি ঘটেছে।