দুই দিনে অজ্ঞান পার্টির খপ্পরে আটজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাস ও ঈদ উপলক্ষে রাজধানীতে অজ্ঞান পার্টির সদস্যদের নির্মূলের ঘোষণা দিয়েছিল পুলিশ। কিন্তু এর মধ্যেই গত দুই দিনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আটজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
চিকিৎসা নেওয়া ব্যক্তিরা হলেন নূর ইসলাম খান (৩৫), রাশেদ উদ্দিন (৩৩), খোরশেদ আলম (৪০), ইউনুস শরীফ (৪০), জীবন কৃষ্ণ দাস (৩০) ও আসাদ আলী (৩৫)। চিকিৎসা নেওয়া অপর দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় দুজনের একজনকে গুলিস্তান ও অন্যজনকে বঙ্গবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে রোববার রাত সোয়া নয়টার দিকে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার রাতে মতিঝিলের বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন নূর ইসলাম খান। রাত সাড়ে ১১টার দিকে এক পথচারী তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এর কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশ থেকে সিএনজিচালিত অটোরিকশার এক চালক রাশেদ উদ্দিনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। পরে তাঁরা রাশেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। অজ্ঞান পার্টির সদস্যরা রাশেদের কাছ থেকে অটোরিকশাটি নিয়ে গেছে বলে জানা গেছে।
রোববার রাত দেড়টার দিকে ইউনুসকে অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পর রাত ১২টার দিকে তিনি ফকিরাপুল এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন বলে তাঁকে হাসপাতালে নিয়ে আসা এক পথচারী জানিয়েছেন।
এদিকে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে কুমিল্লা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন খোরশেদ আলম। রোববার রাত দুইটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে খোরশেদের ভাই আবুল কালাম বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা তাঁর ভাইয়ের কাছ থেকে নগদ ৯০ হাজার টাকা নিয়ে গেছে।
এ ছাড়া গতকাল সোমবার সকালে বিমানবন্দর রেলস্টেশন থেকে জীবন কৃষ্ণ দাস ও সন্ধ্যায় মতিঝিল এলাকা থেকে আসাদ আলীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।