চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে সোনার দোকানে ডাকাতির ঘটনার দুই দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
গত শুক্রবার সন্ধ্যায় বারইয়ারহাটের শামীম জুয়েলার্সে ডাকাতি হয়।
বারইয়ারহাট বণিক সমিতির যুগ্ম সম্পাদক ও রূপসী জুয়েলার্সের মালিক নুর উদ্দিন রেদোয়ান বলেন, ডাকাতির দৃশ্য দোকানের সিসি টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছে। কিন্তু ফুটেজ দেখেও পুলিশ এখনো ডাকাতদের শনাক্ত করতে পারেনি। এটা দুঃখজনক।
আরেক ব্যবসায়ী গিয়াস উদ্দিন বলেন, তদন্তের অজুহাতে শামীম জুয়েলার্স বন্ধ রাখা হয়েছে। দোকানটি শিগগিরই খুলে দেওয়া না হলে ব্যবসায়ীরা কর্মসূচি ঘোষণা করতে পারেন।
জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার উল্যাহ প্রথম আলোকে বলেন, তদন্ত দ্রুতগতিতে চলছে। ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।