দুই দিনেও জানা যায়নি মৃত্যুর কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরের রোগনির্ণয় কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার) নবগঙ্গা প্যাথলজিতে নিঃসন্তান দম্পতির রহস্যজনক মৃত্যুর কারণ দুদিনেও জানা যায়নি। পুলিশ ঘটনার সময় ওই রোগনির্ণয় কেন্দ্রে কর্মরত চারজনকে জিজ্ঞাসাবাদ করেও কোনো তথ্য পায়নি।
ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ মোজাম্মেল হক জানিয়েছেন, ভিসেরা প্রতিবেদনের জন্য ঢাকায় নমুনা পাঠানো হয়েছে। প্রতিবেদন না আসা পর্যন্ত তাঁরাও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।
ঝিনাইদহ শহরের ওই রোগনির্ণয় কেন্দ্রে গত শনিবার জুয়েল হোসেন (২৮) ও নাসরিন খাতুন (২৬) নামের ওই দম্পতির সিমেন পরীক্ষার জন্য একটি কক্ষে ঢোকার দুই ঘণ্টা পর দরজা বন্ধ অবস্থায় তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে তাঁরা ডক্টরস ক্লিনিক নামের একটি বেসরকারি হাসপাতালে যান।
ডক্টরস ক্লিনিক ও নবগঙ্গা রোগনির্ণয় কেন্দ্র সূত্রে জানা গেছে, মাগুরার শ্রীপুর উপজেলার দলতা-বগুড়া গ্রামের ঝন্টু ফকিরের ছেলে জুয়েল ও পুত্রবধূ নাসরিন শনিবার দুপুর ১২টার দিকে ডক্টরস ক্লিনিকে আসেন। এ সময় তাঁরা ক্লিনিক মালিক ও চিকিৎসক হামিদুন্নেছা পাখির কাছে ওই চিকিৎসা নিতে যান।
হামিদুন্নেছা বলেন, ছয় বছরেও তাঁদের সন্তান না হওয়ায় সিমেন (শুক্রাণু) পরীক্ষার পরামর্শ দেওয়া হয়। তখন তাঁরা ক্লিনিকের সহযোগী প্রতিষ্ঠান নবগঙ্গা প্যাথলজিতে যান। সেখানে সিমেন সংগ্রহের জন্য একটি কক্ষে পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টা পরও কক্ষ থেকে বের না হলে ওয়ার্ড বয় কলিম উদ্দিন দরজার সিটকিনি ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় ভেতরে তাঁদের লাশ পড়ে থাকতে দেখা যায়।