দুই ধর্মযাজককে হত্যার হুমকির অভিযোগে জিডি
খুলনায় দুজন খ্রিষ্টান ধর্মযাজককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাঁদের একজন গত শুক্রবার বিকেলে করেছেন এই জিডি। তবে অন্যজন বলছেন তাঁকে সরাসরি কেউ হুমকি দেয়নি।
জিডি করার পর পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। একই সঙ্গে ওই দুই ধর্মযাজকের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ ইন্টারচার্চ প্যাস্টরস অ্যান্ড লিডারস শাখার ভারপ্রাপ্ত মহাসচিব পরিচয় দিয়ে টমাস জয় সরকার প্রথম আলোকে বলেন, শুক্রবার বেলা ১টা ১১ মিনিটে তাঁর মুঠোফোনে একটি ফোন আসে।
ফোন করা ব্যক্তি বলে, তার নাম সুমন এবং সে জেএমবির কমান্ডার। এই পরিচয় দিয়ে সে তাঁকে (জয় সরকার) ও খুলনা বিভাগীয় ক্যাথলিক চার্চের প্রধান বিশপ রমেন বৈরাগীকে ৭২ ঘণ্টার মধ্যে পদ ছেড়ে দিতে বলে। তা না হলে তাঁদের দুজনকে হত্যার হুমকি দেয়।
জয় সরকার বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বাইবেল পাঠ করায় তাঁকে এ হুমকি দেওয়া হয়। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি রমেন বৈরাগী ও পুলিশকে জানানোর চেষ্টা করেন।
এ ঘটনায় জয় সরকার শুক্রবার বিকেলে খুলনা নগরের সোনাডাঙ্গা থানায় একটি জিডি করেন। এতে তাঁকে ও রমেন বৈরাগীকে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।
তবে এ ব্যাপারে বিশপ রমেন বৈরাগীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাকে সরাসরি কেউ হুমকি দেয়নি। তবে, এমন হুমকি দেওয়া হয়েছিল বলে শুনেছি। আমার অনুমতি ছাড়াই জয় সরকার জিডিতে আমার নাম উল্লেখ করেছেন।’
খুলনা বিভাগীয় গির্জার ফাদার আলবিনো সরকার প্রথম আলোকে বলেন, ‘হুমকির ব্যাপারটি আমরা প্রথম মিডিয়ায় শুনেছি। আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি।’
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার শেখ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনার পর থেকে তৎপর হয়েছে। দুজনের নিরাপত্তার জন্য সাদাপোশাকে পুলিশ দায়িত্ব পালন করছে। হুমকিদাতাকে খুঁজে বের কারার চেষ্টা করা হচ্ছে।