দুই নবজাতকের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে রাজিয়া সুলতানা নামে এক চিকিৎসকের ভুল চিকিৎসায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে গত মঙ্গলবার রাতে মারা যাওয়া এক নবজাতকের স্বজনেরা হামলা চালিয়ে হাসপাতালে ভাঙচুর ও ওই চিকিৎসককে লাঞ্ছিত করেছেন।

অন্য শিশুটির মৃত্যুর ঘটনায় মঙ্গলবার রাজিয়া সুলতানাসহ হাসপাতাল কর্তৃপক্ষের চারজনকে আসামি করে বরিশালের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা হয়েছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাটাজোর ইউনিয়নের বাটাজোর গ্রামের সুজন হাওলাদারের স্ত্রী অন্তঃসত্ত্বা বিলকিস আক্তার (২৩) বাটাজোর বন্দরের অ্যাপোলো প্রাইভেট হাসপাতালের চিকিৎসক সুলতানা রাজিয়ার অধীনে দীর্ঘদিন চিকিৎসা নেন। ২৮ নভেম্বর রাজিয়া তাঁকে বলেন, আজই হাসপাতালে ভর্তি হতে হবে। ওই দিনই বিলকিসকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় বিলকিসকে অস্ত্রোপচারের জন্য কক্ষে নেওয়া হয়।

সুজন হাওলাদার অভিযোগ করেন, ভুয়া চিকিৎসক রাজিয়া সুলতানা ভুল অস্ত্রোপচার করেছেন এবং নবজাতকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। এতে রক্তক্ষরণে শিশুটি জন্মের পরপরই মারা যায়। রাজিয়া শিশুটি মারা যাওয়ার বিষয়টি গোপন রেখে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ নেন। শিশুটিকে বরিশাল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, শিশুটি জন্মের সঙ্গে সঙ্গেই মারা গেছে। তিনি আরও বলেন, ‘ভুয়া ডাক্তার আমার নবজাতক শিশুপুত্রকেই হত্যা করেননি, তাঁর ভুল চিকিৎসার কারণে আমার স্ত্রী মৃত্যুর সঙ্গে লড়ছে। আমি ভুয়া চিকিৎসকের বিচার চাই।’

বাটাজোর গ্রামের আরিফুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মোতালেব সরদার বলেন, ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রোগীর স্বজনেরা রাত সাড়ে আটটার দিকে হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর ও ওই চিকিৎসককে লাঞ্ছিত করেন। একপর্যায়ে রাজিয়া পালিয়ে রক্ষা পান। অভিযোগের ব্যাপারে গতকাল বুধবার রাজিয়া সুলতানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। তবে রাজিয়ার স্বামী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্ত্রীর কাছে শুনেছি পানিশূন্যতার কারণে শিশুটি মারা গেছে।’ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আল আমিন শিশুটি মারা যাওয়ার কথা স্বীকার করলেও হাসপাতালে হামলা-ভাঙচুরের কথা অস্বীকার করেন।

অপরদিকে গৌরনদীর বেজগাতি এলাকার সুইস হাসপাতালে ওই চিকিৎসকের ভুল চিকিৎসায় আরেক শিশুর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার বরিশাল অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেছেন শিশুটির বাবা মো. মাসুম হাওলাদার। মামলায় চিকিৎসক রাজিয়া সুলতানা, সুইস হাসপাতালের চেয়ারম্যান আজাদ আকন, এমডি রুপা বেগম ও কর্মকর্তা মহিউদ্দিন আকনকে আসামি করা হয়েছে।