দুই নারী খুন, দুই যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলা সদরের কলেজপাড়ায় গত শনিবার দিবাগত রাতে এক নারীকে গলা কেটে ও সন্ধ্যায় মাজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে আরেক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার চর হরিপুর গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পাবনায় নিহত নারীরা হলেন কলেজপাড়া মহল্লার নিজাম উদ্দিনের মেয়ে সালমা খাতুন (৩০) ও রামেশপুর গ্রামের মৃত ছুরমান আলীর স্ত্রী মায়াজান বেগম (৬৫)। এদিকে সিরাজগঞ্জের সদর উপজেলার চর হরিপুর গ্রাম থেকে সবুজ হোসেন (২৮) ও পৌর এলাকার সাহেদনগর বেপারীপাড়া মহল্লা থেকে কামরুল ইসলাম (২৫) নামের দুই যুবকের লাশ উদ্ধার করা হয়।

পাবনায় খুন হওয়া সালমার পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ছয়-সাত বছর আগে সালমার বিয়ে হয়েছিল। এরপর স্বামী তাঁকে ছেড়ে গেলে বাবার বাড়িতেই আশ্রয় নেন তিনি। শনিবার রাত আটটার পরে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি। সকালে বাড়ির পাশের কলাবাগানে তাঁর গলা কাটা লাশ পাওয়া যায়।

আটঘরিয়া থানার ওসি ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় নিহতের ভাই সেলিম রেজা মামলা করেছেন।

এদিকে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মায়াজানের ছেলে শাহ আলমের স্ত্রী রীমা খাতুনের (৩৫) সঙ্গে শাশুড়ির সম্পর্ক ভালো ছিল না। গত শনিবার সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়া বাধলে রীমা লাঠি দিয়ে শাশুড়িকে পেটাতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই মায়াজান মারা যান।

আটঘরিয়া থানার এসআই মোহায়মিন হোসেন বলেন, নিহতের মেয়ে নাজমা খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। রীমাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে সিরাজগঞ্জ সদর থানার এসআই আনিসুর রহমান বলেন, সবুজ হোসেন পারিবারিক কলহের কারণে গত শনিবার গভীর রাতে বিষপান করেন। অপরদিকে সদর থানার এসআই হাফিজ রায়হান বলেন, সকালে সাহেদনগর বেপারীপাড়া মহল্লায় নিজ ঘর থেকে কামরুলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে পরিবার থেকে জানানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দীন বলেন, দুটি ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।