দুই নারীকে জিজ্ঞাসাবাদ, অস্ত্র উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের নিরাপত্তায় নিয়োজিত আনসার ক্যাম্পের কমান্ডারকে হত্যা ও অস্ত্র লুটের ঘটনায় দুই নারীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাঁদের কাছে তথ্য পাওয়া গেছে কি না, সে বিষয়ে কিছু জানাতে চায়নি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন গতকাল রোববার বলেন, রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি-ব্লকের বাসিন্দা মো. হোসেন ওরফে রফিকের দুই স্ত্রী সুমাইয়া আক্তার ও আনোয়ারা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের কাছ থেকে কিছু তথ্য বের করার চেষ্টা চলছে।
গত বছরের ১৫ মার্চ নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডাকাতদের সঙ্গে আনসার সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তখন দুই আনসার সদস্য আহত ও এক ডাকাত নিহত হন। ওই ঘটনায় রফিকও গুলিবিদ্ধ হন। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের শালবন আনসার ক্যাম্পে দুর্বৃত্তরা হামলা চালায়। তারা ক্যাম্পের কমান্ডারকে গুলি করে ১১টি অস্ত্র ও ৬৭০টি গুলি লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার মো. আলমগীর হোসেন বাদী হয়ে হত্যা ও ডাকাতির ঘটনায় মামলা করেন।
এদিকে ক্যাম্পে হামলার তিন দিন পরও সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি পুলিশ। উদ্ধার করা যায়নি লুট হওয়া অস্ত্র ও গুলি।