দুই নারীকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব জুরাইনে এক মাসেরও কম সময়ে দুই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ দুই ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান, সাভার ও নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। একটি ঘটনায় তিনজনকে ও অপর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জামাল খান পাটোয়ারি, রাজীব হাওলাদার, জাকির শিকদার, রফিকুল ইসলাম ওরফে শামীম ও মফিজ উদ্দিন সরকার ওরফে সাগর। পুলিশ বলেছে, তাঁরা দুই নারীকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন। গতকাল বৃহস্পতিবার ওই দুই মামলায় পাঁচজনকে দুই দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।
গতকাল মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ফরিদ উদ্দিন। তিনি বলেন, ১০ জুলাই পূর্ব জুরাইন থেকে ফরিদা বেগমের লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ১৮ জুন রাতে পূর্ব জুরাইনের একটি বাসা থেকে পারুল বেগমের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। এ দুই নারীকেই ধর্ষণ করে হত্যা করা হয় বলে পুলিশের সন্দেহ ছিল। ফরিদা হত্যার ঘটনায় জড়িত সন্দেহে জাকির, রফিকুল ও মফিজকে গ্রেপ্তার করা হয়। পারুলকে হত্যায় জড়িত অভিযোগে জামাল ও রাজীবকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার রফিকুল ও মফিজ একই পোশাক কারখানায় ফরিদার সঙ্গে কাজ করতেন। স্বামী মারা যাওয়ার পর পূর্ব জুরাইনে একটি বাসায় ফরিদার একা থাকার বিষয়টি রফিকুল ও মফিজ জানতেন। রফিকুল, মফিজ ও জাকির তাঁকে ধর্ষণের পরিকল্পনা করেন। সে অনুযায়ী ৭ জুলাই সকালে ওই তিনজন পূর্বপরিচয়ের সূত্র ধরে ফরিদার বাসায় যান এবং কিছুক্ষণ তাঁর সঙ্গে কথা বলেন। একপর্যায়ে রফিকুল প্রথমে ফরিদাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর জাকির ও মফিজ ধর্ষণ করেন। ফরিদা চিৎকার করার চেষ্টা করলে মফিজ চাকু দিয়ে ফরিদার মুখে ঢুকিয়ে দিয়ে আঘাত করেন। রফিকুল শিল দিয়ে ফরিদার মাথায় আঘাত করেন। একপর্যায়ে জাকির ফরিদার গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে লাশ ভেতরে রেখে তাঁরা বাসার দরজায় তালা মেরে পালিয়ে যান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কোনো চক্রের সদস্য কি না, জানতে চাইলে পুলিশ কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, ‘এদের ওইভাবে চক্র বলা যাবে না। তবে রাজীব ছিল পেশাদার চোর। এ ঘটনার আগে কিছু চুরি ও ধর্ষণের ঘটনা জানতে পেরেছি।’
পারুল হত্যাকাণ্ড নিয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওয়ারী বিভাগের উপকমিশনার বলেন, পারুল একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। গ্রেপ্তার করা রাজীব তাঁর সহকর্মী ছিলেন। পারুলের স্বামী লিটন পেশায় গাড়িচালক। কাজের কারণে লিটন বেশির ভাগ সময় বাইরে থাকতেন। এটিকে সুযোগ হিসেবে নিয়ে রাজীব ও জামাল পারুলের বাসায় ডাকাতি করার পরিকল্পনা করেন। সে অনুযায়ী গত ১৮ জুন ইফতারের পর রাজীব পারুলকে ফোন করে তাঁর বাসায় যেতে চান। পরে রাজীব ও জামাল আম, পেয়ারা, হালিম ও কোমল পানীয় কিনে তাঁর বাসায় যান। তাঁরা কথা বলার সময় ঘুমের ওষুধ মেশানো হালিম ও কোমল পানীয় পারুলকে খাওয়ান। পারুল ঘুমে ঢলে পড়লে রাজীব প্রথমে তাঁকে ধর্ষণ করেন। পরে জামালও ধর্ষণ করেন। একপর্যায়ে পারুল শব্দ করলে জামাল ও রাজীব তাঁর গলা ও মুখ চেপে ধরেন। পরে তাঁর হাত ও মুখ বাঁধা হয়। পারুলের মৃত্যু নিশ্চিত করে তাঁরা ওই বাসা থেকে মুঠোফোন, একটি সোনার নাকফুল ও টাকা নিয়ে পালিয়ে যান। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে।