দুই নারীকে পিটিয়ে টাকা ছিনিয়ে নিল আ.লীগ কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুরে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা গত বুধবার এক বৃদ্ধাসহ দুই নারীকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি আহত নারীদের হাসপাতালে নিয়ে যেতেও তাঁরা বাধা দেন।

স্থানীয় কয়েকজন ব্যক্তি অভিযোগ করে বলেন, উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আওয়ামী লীগের নেতা তহিদুল ইসলাম ও স্থানীয় আব্দুল কাদেরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বুধবার ওই গ্রামের মৃত বছির উদ্দিনের স্ত্রী শাহেদা বেওয়া (৬৫) ব্যাংক থেকে ২০ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন। বিকেল পাঁচটার দিকে গ্রামের রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে তহিদুল ১০-১২ জনকে নিয়ে শাহেদার ওপর হামলা চালিয়ে তাঁর কাছে থাকা টাকা ছিনিয়ে নেন। পরে শাহেদার স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হামলাকারীরা বাধা দেন। এর কিছুক্ষণ পর ওই গ্রামের ওয়ালুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম উপজেলার তাঁতপল্লি শাওইল থেকে মজুরি নিয়ে বাড়ি ফেরার পথে নসরতপুরের তিনমাথায় পৌঁছালে তাঁকেও মারপিট করে টাকা ছিনিয়ে নেন আওয়ামী লীগের ওইকর্মীরা। পরে পুলিশ ওই গ্রামে গিয়ে আহত দুই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযুক্ত তহিদুল বলেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় অভিযোগ বা মামলা হয়নি।