মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ পৌরসভার নরেন্দ্রপুর গ্রামে দুই নারীকে মারধর করে বসতঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর তাঁদের ওপর ফের প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে। ঘর হারানোর কারণে এবং বিচার না পেয়ে তাঁরা হতাশ হয়ে পড়েছেন।
গত ২৩ জানুয়ারি দুপুরে কমলগঞ্জ পৌরসভা এলাকার নরেন্দ্রপুর গ্রামে ঘর থেকে উচ্ছেদ ও ১৯ ফেব্রুয়ারি পুলিশ সুপারে কাছে অভিযোগ দিয়ে ফেরার পর দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে। নির্যাতনের শিকার হওয়া নারীরা হলেন নরেন্দ্রপুর গ্রামের মৃত ইয়াছিন মিয়ার স্ত্রী আফিয়া বেগম (৩২), তাঁর বড় বোন সাফিয়া বেগম (৩৫)।
আফিয়া বেগম অভিযোগ করে বলেন, স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি মা সুবেদা বিবির সঙ্গে মায়ের জমিতে নির্মিত একটি পাকা ঘরে তাঁর বড় বোন সাফিয়া বেগমকে নিয়ে বাস করছিলেন। দেড় বছর আগে তাঁর মা মারা গেলে পাশের বাড়ির বাসিন্দা আহমদ মিয়া ও ইলিয়াছ মিয়া বসতঘরটি দখলে নেওয়ার জন্য তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছিলেন। এ বিষয়ে ৮ জানুয়ারি তিনি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও আবেদন করেছিলেন। পরে ১৯ জানুয়ারি কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কমলগঞ্জ থানায় জিডি করার চার দিনের মধ্যেই ২৩ জানুয়ারি আহমদ মিয়া দলবল নিয়ে এসে আফিয়া ও সাফিয়া মারধর করে বসতঘর থেকে বের করে মালামাল উঠানে ফেলে দেন। এ ঘটনার পর টানা ২৮ দিন সাফিয়া বেগম তাঁর ছোট দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে রাস্তায় বাস করছিলেন। এ ঘটনার পর আবার আফিয়া বেগম কমলগঞ্জ থানায় গিয়ে অভিযোগ দিলেও থানা সে অভিযোগ গ্রহণ করেনি। এ কারণে তাঁরা ১৯ ফেব্রুয়ারি মৌলভীবাজারের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। ওই দিনই আহমদ মিয়া ও তাঁর লোকজন তাঁদের মারধর করে রাস্তা থেকে উচ্ছেদ করে দেয়। তাঁরা এখন তাঁদের বড় বোন সুফিয়া বেগমের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, তাঁরা কোনো অভিযোগ পাননি। আফিয়ার বড় বোন মাধবপুর ইউপির সদস্য সুফিয়া বেগম মুঠোফোনে তাঁকে ঘটনার কথা জানানোর পরদিন ২০ ফেব্রুয়ারি তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযোগকারীদের পাননি। তবে এ বিষয়ে সুফিয়া বেগম বলেন, তিনি ১৯ ফেব্রুয়ারি রাতে কমলগঞ্জ থানার এক এএসআইয়ের কাছে অভিযোগ জমা দিয়েছিলেন।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) মো. আশফাকুজ্জামান পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।