দুই নারীর অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর বাসাবো এলাকায় বিষপান করে রুমা আক্তার (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটার দিকে বাসাবো ওয়াহাব কলোনিতে এ ঘটনা ঘটে।
রুমার স্বামী মো. ফারুক বলেন, আট বছর আগে তাঁদের বিয়ে হয়। শুক্রবার সকালে মোবাইল ফোনে কথা বলা নিয়ে রুমার সঙ্গে তাঁর কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে পাশের ঘরে দরজা বন্ধ করে বিষপান করেন তিনি।
গুরুতর অবস্থায় রুমাকে প্রথমে মুগদা সরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসকেরা রুমাকে মৃত ঘোষণা করেন।
এদিকে গতকাল দুপুরে খিলগাঁওয়ের মেরাদিয়া ভুঁইয়াপাড়া এলাকার বাজার গলি থেকে রুপা আক্তার (১৫) নামে এক পোশাককর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রুপার বাবা আলী আকবর বলেন, সকালে কাজে না গিয়ে বাসায় ছিল রুপা। বাইরে থেকে তিনি বাসায় ফিরে ঘরে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। তবে মেয়ের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি আলী আকবর।