দুই নারীসহ তিনজন জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরের একটি আবাসিক হোটেলে মো. লিটু (৩২) নামের একজন ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই নারীসহ তিনজনকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আমজাদ হোসেন ওরফে অপু, তাঁর স্ত্রী শায়রা হক ওরফে মৌ ও শ্যালিকা ফরিদা হক ওরফে পদ্মা।
নিহত লিটু আমজাদের বন্ধু। লিটুর বাড়ি চট্টগ্রামের হালিশহরে। আমজাদ কুমিল্লার রেসকোর্স এলাকার বাসিন্দা।
হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নেপাল চন্দ্র দে জানান, ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তির লাশ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার কলেজ গেট এলাকার মোটেল জজের একটি কক্ষ থেকে লিটুর লাশ উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশীদ বলেন, আমজাদের সঙ্গে লিটুর পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। তিনি জানান, লিটুকে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় গলায় ডিশের তার পেঁচিয়ে এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়। লিটু ও আমজাদ ঝুট ব্যবসার অংশীদার ছিলেন।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, লিটু ও আমজাদের মধ্যে ব্যবসা নিয়ে বিরোধ ছিল। পরে তা মিটে গেলেও আমজাদের মধ্যে ক্ষোভ থেকে যায়। সেই ক্ষোভ থেকে আমজাদ লিটুকে হত্যার পরিকল্পনা নেন। বৃহস্পতিবার আমজাদ স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামে আসেন। লিটু প্রাইভেট কার নিয়ে রাঙামাটি আসেন। পরে তাঁরা চারজন মোটেল জজে ওঠেন।
মোটেলের কর্মচারীরা জানান, বৃহস্পতিবার রাতে ওই চারজন একসঙ্গে খাবার খান। শুক্রবার সকালে তিনজন চলে যাওয়ার কিছুক্ষণ পর ৯ নম্বর কক্ষে রক্তের দাগ দেখে মোটেলের ব্যবস্থাপক কোতোয়ালি থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, আমজাদ, শায়রা ও ফরিদা প্রাইভেট কার নিয়ে চলে যাওয়ার সময় রাঙামাটি শহরের বনরূপা এলাকায় দুবার দুর্ঘটনার কবলে পড়েন। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ালে তাঁদের থানায় নেওয়া হয়। পরে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা জানতে পেরে ওই তিনজনকে গ্রেপ্তার করে।