দুই নেতার দ্বন্দ্ব, সংঘর্ষ বাজারে দোকানপাট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের স্থানীয় দুই নেতার দ্বন্দ্বের কারণে মাগুরার মহম্মদপুর উপজেলার ঝামা বাজারে চলছে অঘোষিত ধর্মঘট। দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হওয়ায় তিন দিন ধরে বন্ধ আছে বাজারের দুই শতাধিক ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান।
গত সোমবার বিকেলে পলাশবাড়িয়া ইউনিয়নের এই বাজারে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি দোকানের টিন ও আসবাব ভাঙা। এগুলো হামলা ও ভাঙচুরের শিকার হয়েছিল বলে জানা গেছে।
পাঁচজন দোকানমালিক ও স্থানীয় চারজনের সঙ্গে কথা বলে জানা যায়, পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী কর্মী মো. আলাউদ্দিনের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। রেজাউল করিম স্থানীয় চরঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও।
গত শনিবার রাতে আলাউদ্দিনের সমর্থকেরা রেজাউল করিমের সমর্থকদের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এর জের ধরে রেজাউলের সমর্থকেরা রোববার ওই বাজারে অবস্থিত প্রতিপক্ষের ১৪-১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করে।
গত সোমবার দুপুরে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাঁচজন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটি গুলি ছোড়ে। এ সময় মোট ১৮ জনকে আটক করা হয়। এ ঘটনায় দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে মহম্মদপুর থানায় দুই পক্ষের সমর্থকেরা পাল্টাপাল্টি মামলা করেছে। গ্রেপ্তার আতঙ্ক এবং বাজারে আবারও হামলার আশঙ্কায় ব্যবসায়ীরা তিন দিন ধরে তাঁদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই নেতার দ্বন্দ্বের কারণে ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিন দিন ধরে দোকানপাট খোলা যাচ্ছে না।
এ বিষয়ে রেজাউল করিম বলেন, শনিবার রাতে আলাউদ্দিনের লোকজন প্রথমে তাঁর (রেজাউল) সমর্থক মনসুর আলী, নজরুল ইসলাম, মাজেদুল ইসলাম ও মো. চুন্নু মিয়ার দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর ওই পাল্টা হামলার ঘটনা ঘটে।
অভিযোগ প্রসঙ্গে মো. আলাউদ্দিন বলেন, রোববার বিকেলে প্রথম দফায় রেজাউল করিমের সমর্থকেরা পুলিশের সামনে তাঁর (আলাউদ্দিনের) সমর্থকদের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। ওই দিন মাঝরাতে দ্বিতীয় দফায় মোট ১৫টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান বলেন, ওই ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।