দুই নেতার বিরোধে গুলিবিদ্ধ ব্যবসায়ী যুবলীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
আহত ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে শুক্কুর সওদাগরকে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ওরফে নুরুর সঙ্গে একই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই নেতার অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশের দাবি, কথা-কাটাকাটির একপর্যায়ে সাইফুল পিস্তল দিয়ে নুর মোহাম্মদকে গুলি করেন। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ব্যবসায়ী শহিদুল ইসলামে বাঁ হাতের ওপরের অংশে লাগে। এ ঘটনায় নুরুর অনুসারী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সাইফুলকে গণপিটুনি দেন। পুলিশ এসে সাইফুলকে আটক করে। পরে চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ বলছে, যে অস্ত্র দিয়ে সাইফুল গুলি করেছে সেটির লাইসেন্স নেই।
সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল।