কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই নেতার মধ্যে মারামারির জের ধরে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী অন্তত চারজন শিক্ষার্থী জানান, গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের হোটেলে চেয়ারে বসা নিয়ে ব্যবস্থাপনা বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী সঞ্জয় দেবনাথের সঙ্গে হিসাববিজ্ঞান বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী শাহাদাৎ হোসেন ওরফে সৌরভের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় সঞ্জয় দেবনাথ শাহাদাৎকে বোতল দিয়ে মাথায় আঘাত করেন। সঞ্জয় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের সহসভাপতি এবং শাহাদাৎ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য ইলিয়াস হোসেন ওরফে সবুজের অনুসারী।
ওই ঘটনার জের ধরে মঙ্গলবার রাত ১১টায় কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের কর্মীরা একদল বহিরাগত নিয়ে পার্শ্ববর্তী শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে আক্রমণের চেষ্টা চালায়। উভয় হলের ছাত্রলীগের কর্মীরা মুখোমুখি অবস্থান নেন। শাহাদাৎ শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের হল শাখা ছাত্রলীগের সদস্য। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত হলে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা হয়নি। গতকাল বুধবার সঞ্জয় চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কাজী ওমর সিদ্দিকী দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স নিয়ে কবি নজরুল হলে যান। সেখান থেকে সঞ্জয়কে নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকছিলেন। এ সময় ছাত্রলীগ নেতা ইলিয়াসের অনুসারীরা সঞ্জয়ের বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই তাঁকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেবেন না বলে অ্যাম্বুলেন্স আটকে দেন। একপর্যায়ে সেখানে উপস্থিত সঞ্জয়ের অনুসারীদের সঙ্গে তাঁদের তুমুল বাগ্বিতণ্ডা হয়। এ সময় ইটপাটকেল ও লাঠিসোঁটা দিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের পেছনের অংশ ভাঙচুর করা হয়। পরে উপাচার্য ও প্রক্টর গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান বলেন, ব্যক্তিগত রেষারেষি থেকে ওই ঘটনা ঘটে। এটা কোনো দলীয় ঘটনা নয়।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ইলিয়াস হোসেন বলেন, সঞ্জয় দেবনাথ বোতল দিয়ে শাহাদাতের মাথায় আঘাত করে। ওই ঘটনার জের ধরে রাতের বেলায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে আক্রমণের চেষ্টা চালানো হয়। ছাত্রলীগের সক্রিয় কর্মীদের প্রতিরোধের মুখে তারা পিছু হটে। শাহাদাৎকে মারধরের প্রতিবাদেই তার সহপাঠী বন্ধুরা প্রধান ফটকে জড়ো হয়ে প্রতিবাদ করে।
প্রক্টর মোহাম্মদ আইনুল হক বলেন, ‘দুজন ছাত্রের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা উভয় পক্ষের লিখিত বক্তব্য নিয়েছি। এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। যারা অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’