দুই নৈশপ্রহরী খুনের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
সাতক্ষীরার কলারোয়ায় সোনালী ব্যাংকে দুই নৈশপ্রহরী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন গতকাল মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিংনাল গ্রামের জাহাঙ্গীর হোসেন, একই উপজেলার ঝিকরা এলাকার মনিরুল ইসলাম, একই গ্রামের আবুল কাশেম, মির্জাপুর গ্রামের গোলাম হোসেন ও লাঙ্গলঝাড়া গ্রামের আজিবার রহমান।
দুই নৈশপ্রহরীকে কুপিয়ে ও গলা কেটে হত্যামামলার তদন্ত কর্মকর্তা ও কলারোয়া থানার উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, গত সোম ও গতকাল মঙ্গলবার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল উপজেলার সিংনাল গ্রামের দোকানদার জাহাঙ্গীর হোসেন বিচারিক হাকিম (কলারোয়া) মোর্শেদুল আলমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া অন্যদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মুঞ্জুরুল কবির গত বুধবার বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ব্যাংকের নৈশপ্রহরীদের পূর্বপরিচিত। তাঁদের সঙ্গে যোগাযোগ করেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ভল্ট ভাঙতে ব্যর্থ হয়ে ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় প্রহরীদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন, সোনালী ব্যাংকের দুজন নৈশপ্রহরী খুনের ঘটনায় ১৬ জুলাই মামলা করা হয়।