দুই নৈশপ্রহরীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া সোনালী ব্যাংক শাখার দুই নৈশপ্রহরীকে গত বুধবার ভোরে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাঁদের হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
নিহত ব্যক্তিরা হলেন কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামের জাহাঙ্গীর হোসেন শেখ (৩৫) ও সাতক্ষীরা সদর উপজেলার হরিষপুর গ্রামের আসাদুর রহমান (৩২)। তাঁরা সাধারণ আনসার (অঙ্গীভূত) সদস্য। চুক্তিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেন।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনতোষ কুমার সরকার জানান, তিনি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ব্যাংক বন্ধ করে চলে যান। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংকের কর্মকর্তা রফিকুল ইসলাম স্থানীয় ব্যক্তিদের কাছে খবর পেয়ে তাঁকে মুঠোফোনে জানান, দুই নৈশপ্রহরীকে খুন করা হয়েছে। মনতোষ জানান, তাঁর শাখায় প্রতিদিন গড়ে দেড় কোটি টাকা লেনদেন হয়ে থাকে। ডাকাতেরা ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। অন্য কোনো কাগজপত্র খোয়া যায়নি। তিনি ব্যাংকে এসে শুনেছেন, ব্যাংকের দুটি দরজা খোলা ছিল। কোনো তালাও ভাঙা হয়নি।
পাশের ভবনের নিচতলায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথের নৈশপ্রহরী আবদুল গফুর জানান, রাত ১১টার দিকে তিনি দেখেছেন ব্যাংকের সিঁড়ির দরজা বন্ধ ছিল।
সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মুঞ্জুরুল কবির জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নৈশপ্রহরীদের পূর্বপরিচিত। তাদের সঙ্গে যোগাযোগ করেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা নিয়েছিল। ভল্ট ভাঙতে ব্যর্থ হয়ে ঘটনা ফাঁস হয়ে যাবে আশঙ্কায় নৈশপ্রহরীদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সোনালী ব্যাংক কলারোয়া উপজেলা শাখাটি কলারোয়ার বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি দোতলা ভবনের ওপরের তলায় অবস্থিত। ব্যাংকের ভেতরে আসাদুর রহমান ও ব্যাংকের তিনতলায় উঠার সিঁড়িতে জাহাঙ্গীর আলমের লাশ পড়ে রয়েছে। দুজনের গলা কাটা ছাড়াও শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে জখমের চিহ্ন রয়েছে। ব্যাংকের ভবনে ঢোকার মুখে রক্ত জমাট বাঁধা থাকলেও ব্যাংকের ভেতরের বিভিন্ন স্থানে রক্ত পড়ে থাকতে দেখা যায়। ব্যাংকের ভল্ট ভাঙার জন্য দেয়াল ভাঙার চেষ্টা করা হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানান, ব্যাংকের শৌচাগার থেকে হাতুড়ি, ছেনি, লোহা কাটা করাত, ড্রিল মেশিন উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা শৌচাগারের ভেতরে নিহত ব্যক্তিদের পরনের জামাসহ কিছু জিনিসপত্র পুড়িয়ে দিয়েছে। ধারণা করা হচ্ছে, আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে। ওসি জানান, সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
সাতক্ষীরার জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কে এম মনিরুল ইসলাম জানান, নিহত দুই নৈশপ্রহরী ৪২ দিনের প্রশিক্ষণ নিয়ে অঙ্গীভূত আনসার হিসেবে যোগ দেন। আসাদুর রহমানকে পাঁচ মাস আগে ও জাহাঙ্গীর আলমকে আড়াই মাস আগে সোনালী ব্যাংকে চুক্তিভিত্তিক নৈশপ্রহরী হিসেবে পাঠানো হয়।