দুই পক্ষ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ সোমবার দুই পক্ষ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। ক্রিকেট খেলা নিয়ে মাস খানেক আগে হওয়া সংঘর্ষের জের ধরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
আহত লোকজেনর মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাস খানেক আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ গ্রামের লোকজনের সঙ্গে পাশের খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গাড়িয়া গ্রামের লোকজনের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। গতকাল রোববার বিকেলে মনসুরাবাদে এক মিষ্টির দোকানে ওই সংঘর্ষের বিষয়টি তুলে মনসুরাবাদ ও মাঝিকান্দা গ্রামের কয়েক যুবক আবার কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সেখানে মারামারির ঘটনাও ঘটে। এতে উভয় গ্রামের দুজন আহত হন। এ ঘটনার জেরে আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে মনসুরাবাদের কয়েক শ লোক দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার হামিরদী এলাকায় অবস্থান নেন। একইভাবে তাদের মুখোমুখি হন মাঝিকান্দা, খাপুরা ও সিঙ্গাড়িয়া গ্রামের লোকজন। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলার পর সকাল নয়টার দিকে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এরপর পরিস্থিতি শান্ত হয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে।