নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে গতকাল বুধবার বিকেলেও দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া, হামলা ও সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। হামলার খবর ও তথ্য সংগ্রহ করতে গিয়ে বেসরকারি দুটি টেলিভিশন চ্যানেলের দুই সাংবাদিক ও আলোকচিত্রী আহত হয়েছেন।
২১ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগ সেনবাগ উপজেলার নতুন কমিটি ঘোষণার করার পর থেকেই ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষ ও অবরোধের ঘটনা ঘটছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সাংসদ মোরশেদ আলমের অনুসারী ছাত্রলীগের নতুন কমিটির নেতা-কর্মীরা উপজেলার হাইস্কুল গেট এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলটি দক্ষিণ বাজার এলাকায় গেলে পৌর মেয়র আবু জাফরের অনুসারী ছাত্রলীগের পুরোনো কমিটির নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষের সময় আতঙ্কে সেনবাগ বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সাংসদের অনুসারী ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ফিরোজ আলম ওরফে রিগান জানান, কেন্দ্রীয় ছাত্রলীগ ২১ জুলাই তাঁকে সভাপতি ও মাজেদুল তানভিরকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে। গতকাল তাঁরা কমিটির পক্ষে একটি মিছিল বের করলে পুরোনো কমিটির নেতা-কর্মীরা তাঁদের মিছিলে হামলা করেন। এ নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।
অন্যদিকে উপজেলা ছাত্রলীগের পুরোনো কমিটির সভাপতি সাইফুল ইসলাম দাবি করেন, নতুন কমিটি অবৈধ। জেলা ছাত্রলীগ এ কমিটির সব কর্মকাণ্ড এরই মধ্যে স্থগিত করেছে। এরপরও গতকাল তারা লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে শহরে উঠে উত্তেজনা সৃষ্টি করে।
সংঘর্ষের বিষয়ে নোয়াখালীর সহকারী পুলিশ সুপার সিকদার হাসান ইমাম প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে বিরোধের জের ধরে গতকালও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে, যা থেকে পরবর্তীকালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কিছু পটকার আওয়াজ শোনা যায়, গুলির নয়।