দুই পক্ষে সংঘর্ষ, শাহজালাল হলের ১৪টি কক্ষ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা-কাটাকাটির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় শাহজালাল হলের অন্তত ১৪টি কক্ষ ভাঙচুর করা হয়। পরে হলে তল্লাশি চালিয়ে ১০টি রামদা উদ্ধার করে পুলিশ। গত শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সহসভাপতি রেজাউল অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুজনই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। সংঘর্ষের বিষয়ে রেজাউল করিম বলেন, সংগঠনের কনিষ্ঠ কর্মীদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়। এটি মিটমাট করে দেওয়ার পরও সভাপতিপক্ষের কর্মীরা হঠাৎ তাঁর কর্মীদের ওপর হামলা চালান।
অন্যদিকে, আলমগীর টিপু বলেন, এ ঘটনার জন্য যাঁরা দোষী, তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মো. জুয়েল, অর্থনীতি বিভাগের আবদুল খালেক, রাজনীতিবিজ্ঞান বিভাগের মো. শামীম, নৃবিজ্ঞান বিভাগের আল আমিন ও বাংলা বিভাগের কাউছার মিয়া। তাঁদের মধ্যে জুয়েল ও খালেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা আলমগীর টিপুর অনুসারী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের ফটকের পাশের বেঞ্চে বসাকে কেন্দ্র করে টিপু ও রেজাউলের অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় টিপুর এক অনুসারীকে মারধর করেন রেজাউলের অনুসারীরা। পরে রাত ১২টার দিকে টিপুর অনুসারীরা শাহজালাল হলের রেজাউলের অনুসারীদের কক্ষে গিয়ে তাঁদের মারধর করেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে রেজাউলের অনুসারী নেতা-কর্মীদের ১৪টি কক্ষ ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় শাহজালাল হলে তল্লাশি চালায় পুলিশ। এ সময় হলের কয়েকটি কক্ষ থেকে ১০টি রামদা ও রড উদ্ধার করা হয় বলে জানান হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন মো. জাহাঙ্গীর।