ভোলার মনপুরা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে গতকাল বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশ-সাংবাদিকসহ ৩৫ জন আহত হয়েছেন।
দুপুর ১২টার দিকে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম, ভোলা-২ আসনের সাংসদ আলী আজম, ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী ও জেলা আওয়ামী লীগের নেতারা কমিটি গঠনের উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। তাঁরা দুই পর্বের সম্মেলনের প্রথম পর্ব শেষ করে কমিটি ঘোষণা না দিয়েই ফেরত যান।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম শাহজাহান সভাপতি পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। তাঁর বিপক্ষে সরাসরি কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তবে সাধারণ সম্পাদক পদে উপজেলা যুবলীগের সভাপতি ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন প্রার্থিতা ঘোষণা করেছেন। তাঁর বিপক্ষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী লড়াইয়ে নামেন। দুই পক্ষই সম্মেলনকে ঘিরে এক মাস ধরে পোস্টার-ব্যানার সাঁটানোসহ প্রচার-প্রচারণা চালিয়েছে।
গতকাল উপজেলা মিলনায়তন ছিল সম্মেলনকেন্দ্র। সকাল নয়টায় শাহরিয়ার চৌধুরীর পক্ষ মিলনায়তনের আশপাশ দখল করে নেয়। এতে বাধা দেন জাকির হোসেনের সমর্থক যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। দুই পক্ষের কাছেই লাঠিসোঁটা, ইটপাটকেল ও আগ্নেয়াস্ত্র ছিল। মুহূর্তেই হাজিরহাট শহর রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে শাহরিয়ার চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুস শহিদ ফরাজী এবং জসিম উদ্দিন, সেলিম মাস্টার, সিরাজুল ইসলাম কাজী, আবুল কালাম, টিপু, মিজানুর রহমান, আবু তাহের, থানার ওসি, যুগান্তর-এর সাংবাদিক আবদুল্যাহ, মতবাদ পত্রিকার সাংবাদিক শহিদুল ইসলাম, এনটিভির জেলা প্রতিনিধি আফজাল হোসেনসহ ৩৫ জন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। সংঘর্ষের সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন বলেন, তাঁর প্রতিপক্ষ শাহরিয়ার চৌধুরী ছাত্রলীগের সাম্পাদক আবদুস শহিদ ফরাজীকে মারধর করলে সংঘর্ষের সূচনা হয়। তবে কারা গুলি চালিয়েছে তা তিনি বলতে পারেননি।
শাহরিয়ার চৌধুরী বলেন, ‘আমার লোকজন সম্মেলনকক্ষের আশপাশে ছিল। এ সময় জাকির হোসেনের লোকজন আমি ও আমার লোকজনের ওপর হামলা করে। এতে ২২ জন আহত হয়েছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মোল্লা বলেন, মনপুরায় সম্মেলন করতে গিয়ে একাধিক প্রার্থী দেখা যায়। এ ক্ষেত্রে ভোটাভুটির দরকার। ভোটাভুটি পরিচালনা করে ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ নামের একটি সংস্থা। তারা অনুপস্থিত থাকায় ভোট হয়নি। কবে নাগাদ নতুন কমিটি ঘোষণা হবে জানতে চাইলে সভাপতি বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে আমরা দুই পক্ষের প্রার্থীদের নিয়ে বসব।’
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হানিফ শিকদার বলেন, পরিস্থিতি শান্ত করতে তাঁদের কাঁদানে গ্যাসের ১৫টি শেল ছুড়তে হয়েছে। রাজনৈতিক কর্মীদের নিক্ষেপ করা ইটে তিনিসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন।