দুই পক্ষের গোলাগুলিতে আহত পথচারীর মৃত্যু
আধিপত্য বিস্তার নিয়ে কক্সবাজারের মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ পথচারী মোহাম্মদ সেলিম মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, এলাকায় আধিপত্য বিস্তার, লবণমাঠ ও চিংড়িঘের দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার আকতার হামিদ ও ফেরদৌস কামাল চৌধুরীর মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত বুধবার সন্ধ্যায় কেরুনতলী বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষে গোলাগুলি হয়। এ ঘটনায় মোহাম্মদ সেলিম (২৫) ও নুরুল আবছার (১৩) নামের দুই পথচারী গুলিবিদ্ধ হন। আহত দুজনকে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সেলিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার রাতে তিনি মারা যান।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।