দুই পক্ষের গোলাগুলিতে ডাকাত নিহত, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে জাহেদুল ইসলাম (২৫) নামের এক ডাকাত নিহত ও চারজন আহত হয়েছে। আহত ডাকাতদের পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র এ কথা জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপের একানব্বই একর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহেদুলের বাড়ি চিরিঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সওদাগর ঘোনা এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, গতকাল ভোরে একদল ডাকাত সওদাগর ঘোনা এলাকায় চিংড়িঘেরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় কে কে ডাকাতির কাজে অংশ নেবে, এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে ডাকাত দলের সদস্যরা জাহেদ ও আতাউল্লাহর পক্ষে ভাগ হয়ে যায়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে এ সংঘর্ষ প্রায় এক ঘণ্টা ধরে চলে। এরই একপর্যায়ে জাহেদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া আতাউল্লাহ (৩২), ওসমান গনি (২৩), আবদুস সালাম (২৪) ও সিরাজুর রহমান (২৮) আহত হয়। পরে পুলিশ আহত চারজনকে গ্রেপ্তার করে। তারা পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় চরণদ্বীপের লুটন্যার বাড়ির সামনে আতাউল্লাহ পক্ষের মুখোমুখি হয় পুলিশ। এ সময় পুলিশ ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়। তবে ওই সময় কেউ হতাহত হয়নি।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মাসুদ আলম জানান, পুলিশ জাহেদুলের লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে একটি থ্রি নট থ্রি রাইফেল, দুটি দেশে তৈরি কাটা বন্দুক, ১৩টি গুলির খোসা, সাতটি কিরিচ উদ্ধার করা হয়।
ওসি জানান, জাহেদুলের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।