দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১, আহত ১০
কক্সবাজারের পেকুয়া উপজেলার ছিরাদিয়া গ্রামে চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তার নিয়ে আজ মঙ্গলবার দুই পক্ষের গোলাগুলিতে এক যুবক নিহত এবং ১০ জন আহত হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করেছে পুলিশ।
নিহত যুবকের নাম কফিল উদ্দিন (৩২)। তিনি ছিরাদিয়া গ্রামেরই জসিম উদ্দিনের ছেলে।
গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে একই গ্রামের জয়নাল আবেদিন (৪০), আজম খান (৪৫), মোহাম্মদ বাবুল (৫৫), মো. বাপ্পী (২২), মো. মোরশেদ (১৯), মকসুদ আলম (৩৫), মিনা আকতার (৩০), নিলুফা আকতার (১১), সাজেদা বেগম (৩০) ও জয়নাব বেগম (১১)। তাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নাম প্রকাশ না করার শর্তে ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, চিংড়ি ঘেরের আধিপত্য নিয়ে সকাল আটটার দিকে মামা আজম খান ও ভাগনে মো. কাইছারের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে আধা ঘণ্টা পর থেকেই দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে কফিল উদ্দিনের লাশ ও আহত লোকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পেকুয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, দলবলসহ কাইছারের পেকুয়া এলাকা ছেড়ে যাওয়ার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি, সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুর ১২টার দিকে কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ কাইছারসহ আটজনকে আটক করে।
এএসপি মো. মাসুদ আলম বলেন, আটক আটজন প্রাথমিকভাবে গোলাগুলির ঘটনায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। আটকের সময় ওই ব্যক্তিদের কাছ থেকে তিনটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বলেন, ছিরাদিয়া গ্রামের আজম খান ও কাইছার নামের দুই ব্যক্তির মধ্যে চিংড়ি ঘের নিয়ে বিরোধ ছিল। বিরোধের জের ধরে এ হতাহতের ঘটনা ঘটে। কফিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।