কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দুই পক্ষের দ্বন্দ্বে একটি কাঁচা বাজারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশে গত শনিবার সকাল থেকে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। এতে স্থানীয় অন্তত ৩০ হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারটির অবস্থান পৌর শহরের গাছতলাঘাট মহল্লায়। স্বাধীনতার পর পর গাছতলাঘাট এলাকায় স্থানীয় ফজলু মিয়া ও নাজিম উদ্দিনসহ তাঁদের পরিবারের সদস্যদের জায়গার ওপর বাজারটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ১৫৫টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা ওই দুজনের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে সেখানে ব্যবসা করছেন। উপজেলা পরিষদ, পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া, কমলপুর, গাছতলাঘাট, চণ্ডীবের মধ্যপাড়া মহল্লার অন্তত ৩০ হাজার মানুষ এ কাঁচা বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনেন।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, এই বাজার লাগোয়া একটি মহল্লায় ২০০ পরিবারের বাস। এই ২০০ পরিবারের সদস্যসংখ্যা প্রায় ১ হাজার ২০০। তাঁদের যাতায়াতের জন্য বাজারের ভেতর দিয়ে বিএস রেকর্ডভুক্ত ৮০০ ফুট লম্বা ও আট ফুট প্রস্থের একটি সড়ক রয়েছে। কিন্তু সড়কটি এখন আর ব্যবহার উপযোগী নেই। কয়েক বছর ধরে মানুষের যাতায়াতের পথ বন্ধ করে বাজারের কার্যক্রম পরিচালনা করায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ নিয়ে মহল্লার বাসিন্দাদের সঙ্গে বাজার মালিকপক্ষের দ্বন্দ্ব শুরু হয়। আবার সীমানা নির্ধারণ নিয়েও ফজলু ও নাজিম পক্ষ একে অপরের প্রতিপক্ষ হয়ে ওঠেন।
১৯ মে ফজলু পক্ষ বাজারের এক পাশ দিয়ে দেয়াল নির্মাণ শুরু করে। সড়কের ওপর দেয়াল নির্মাণ করা হচ্ছে—এমন অভিযোগ এনে প্রতিকার চেয়ে মহল্লার বাসিন্দারা গত বৃহস্পতিবার ইউএনও বরাবর আবেদন করেন। ইউএনও জেসমিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক উদ্ধারের আগে বাজারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।
শিক্ষক তাজুল ইসলাম বলেন, ‘পৌর শহরের বাসিন্দা হয়েও আমরা এখন সড়ক ছাড়া মহল্লার বাসিন্দা। সড়ক না থাকায় পয়োনিষ্কাশনের ব্যবস্থাও নেই। এ কারণে সামান্য বৃষ্টি হলে বাড়ির সামনে হাঁটুপানি জমে থাকে। তখন দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া দুর্ভোগের কথা জানান বাজার লাগোয়া পাঁচ মহল্লার বাসিন্দারাও। তাঁদের মতে, বাজার বন্ধ হয়ে যাওয়ায় এখন তাঁদের প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে গিয়ে প্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে। এতে টাকা ও সময় বেশি লাগছে।
জানতে চাইলে বাজারের জমির একাংশের মালিক নাজিম উদ্দিন বলেন, সড়ক হলে তাঁর কোনো বারণ নেই। এ ক্ষেত্রে ফজলু মিয়া বড় বাধা বলে তিনি দাবি করেন। তবে ফজলু মিয়া বলেন, তিনি তাঁর জায়গায় দেয়াল দিচ্ছেন।
এ ব্যাপারে ইউএনও জেসমিন আক্তার জানান, সড়ক উদ্ধারের জন্য আপাতত বাজার বন্ধ রাখতে বলা হয়েছে। এ ছাড়া ব্যক্তির জায়গার ওপর কোনো বাজার হতে পারে না। বাজার হতে হলে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে ইজারাপ্রথা চালুর কথা জানান তিনি।