নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।
এলাকাবাসী ও থানা-পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার বারদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুসা মিয়ার সঙ্গে আওয়ামী লীগ কর্মী তাহের আলীর বিরোধ চলছে। তাঁরা দুজনই চেঙ্গাকান্দি গ্রামের বাসিন্দা। দুই পক্ষ গত তিন বছরে ছয়বার সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রতিবারই সংঘর্ষের সময় তাঁরা প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করে ও লুটপাট চালান। এ পর্যন্ত তাঁরা থানায় পাল্টাপাল্টি ছয়টি মামলা করেছেন।
প্রত্যক্ষদর্শী পাঁচজন বলেন, গতকাল দুপুরে মুসা মিয়া ও তাহের আলী মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে মুসা মিয়া ও তাঁর সহযোগীদের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল রামদা, হকিস্টিক, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তাহের আলী ও তাঁর চার সহযোগীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ সময় তারা দুটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে তাহের আলীর লোকজন একত্র হয়ে মুসা মিয়া ও তাঁর সাত সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় পাঁচটি বাড়িতেও ভাঙচুর চালানো হয়।
আহত তাহের আলী বলেন, পূর্বশত্রুতার জের ধরে মুসা মিয়া তাঁর সমর্থকদের ওপর ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন। তাঁকেও পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।
মুসা মিয়া বলেন, তাহের আলীর লোকজন তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর ও বাড়িঘর ভাঙচুর করেছেন।
সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দেলোয়ার হোসেন, আবদুল মিয়া, নজরুল ইসলাম, ইকবাল হোসেন ও হারুন মিয়ার অবস্থা গুরুতর। তাঁদের প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের গতকাল সন্ধ্যায় জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা বলেন, কয়েক বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থক এ দুই নেতার দ্বন্দ্ব চলছে। একাধিক সালিস বৈঠকে বিষয়টির মীমাংসা হলেও কেউ কথা রাখছেন না। এ কারণে সংঘর্ষ থামানো যাচ্ছে না।