দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলা সদরে গতকাল রোববার দুপুরে কলেজ ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্র জানায়, গত শনিবার বিকেলে কলেজের মাঠে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের উদ্যোগে শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিরোধে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের ভিপি সুমন মাহমুদের সমর্থকেরা কলেজ ছাত্রলীগের নেতা মো. আতিক মিয়ার সমর্থক মো. আলী সরদারের (২২) ওপর হামলা চালিয়ে তাঁকে জখম করেন। এ ঘটনার জের ধরে গতকাল রোববার দুপুরে উপজেলা গেটে ভিপি সুমন মাহমুদের ওপর হামলা চালান ছাত্রলীগের নেতা আতিক ও তাঁর ১৫-২০ জন সমর্থক।
সুমন মাহমুদ অভিযোগ করেন, ‘গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকবিরোধী সভা শেষে বাড়ি ফেরার পথে গতকাল বেলা পৌনে দুইটার দিকে উপজেলা গেটে পৌঁছালে প্রতিপক্ষ আতিক মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন সমর্থক লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আমাকে পিটিয়ে জখম করেছে।’
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সুমনের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করেন। এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। বেলা সোয়া দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ও পুলিশের লাঠিপেটায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আতিক মিয়ার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও ভিপি সুমনের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভিপি সুমনের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে আতিক মিয়া বলেন, ‘হামলার ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে, এখনো কোনো মামলা হয়নি। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।