ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ ইউসি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির অপসারণ দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে শম্ভুগঞ্জ বাসস্ট্যান্ড সড়কে ওই ঘটনা ঘটে।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ওই বিদ্যালয় এ বছরের ১৯৮ জন এসএসসি পরীক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণের সময় অতিরিক্ত অর্থ আদায় করে। হাইকোর্টের নির্দেশনার পরও টাকা ফেরত না দেওয়ায় গত মাসে জমির উদ্দিন নামের একজন অভিভাবক শিক্ষা মন্ত্রণালয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। গত রোববার প্রধান শিক্ষক রবীন্দ্র চন্দ্র সরকার ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুক্তার হোসেনের অপসারণের দাবিতে বিক্ষুব্ধ অভিভাবকেরা মানববন্ধন করেন। এর জেরে বিদ্যালয়ে ক্লাস বন্ধ আছে।
গতকাল বেলা ১১টার দিকে ধর্মমন্ত্রী মতিউর রহমান ওই বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলে কাল শনিবার থেকে ক্লাস শুরুর কথা বলেন। এ সময় বিক্ষুব্ধ অভিভাবকেরা বিদ্যালয়ের বাইরে সড়কে জড়ো হয়ে প্রধান শিক্ষক ও সভাপতির অপসারণের দাবি জানান। ধর্মমন্ত্রী বিদায় নেওয়ার পর সভাপতির পক্ষের লোকজন বিক্ষোভকারীদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।