দুই পক্ষের সংঘর্ষ-গুলি, আহত ৩৩
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দুটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৩ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে আটজন গুলিবিদ্ধ হন।
শুক্রবার সকালে উপজেলার উদয়পুর ও আস্তাইল গ্রামের দুজন ইউপি সদস্য সমর্থকেরা এই সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ জাহাঙ্গীর হোসেন বলেন, সংঘর্ষ ও গুলিতে জখম অন্তত ৩৩ জনকে ভর্তি করা হয়। এদের মধ্যে আটজন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ আটজনসহ গুরুতর অবস্থায় ১৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, উদয়পুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুর রহমান ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুল মোল্লার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধ রয়েছে। আসন্ন ইউপি নির্বাচনে তাঁরা দুজনই নিজ নিজ ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী হয়েছেন। পৃথক ওয়ার্ড হলেও তাঁরা নিজেদের বিজয়ের পাশাপাশি ব্যক্তিগত বিরোধের কারণে পরস্পরের পরাজয় নিশ্চিত করতে জোর চেষ্টা চালাচ্ছেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম বলেন, পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ছয়টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে ইউপি সদস্য কামরুল মোল্লা বলেন, শত্রুতাবশত আজিজুর রহমান আমাকে হেয় করতে আমার ভাই রইসুলের বিরুদ্ধে নারীঘটিত অভিযোগ তুলে তাঁকে বিনা কারণে মারধর করেছেন। এর জের ধরে সংঘর্ষ হয়েছে।
আর আজিজুর রহমান বলেছেন, অপকর্ম করতে গিয়ে কামরুল নিজ এলাকার মানুষের হাতে প্রহৃত হন। ঘটনা ভিন্ন খাতে নিতে এখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন।