দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে কৃষক নিহত
শরীয়তপুরের জাজিরা উপজেলার বোয়ালিয়া গ্রামে বিবদমান দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে কাশেম সরদার (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বোয়ালিয়া বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বোয়ালিয়া গ্রামের দম্পতি রিপন চোকদার ও শারমিন আক্তারের মধ্যে কয়েক দিন ধরে কলহ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষের পরিবার বৃহস্পতিবার সন্ধ্যায় বোয়ালিয়া বাজারে বৈঠকে বসে। তবে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রিপন চোকদারের পক্ষের লোকজন শারমিনের ভাই ইদ্রিস মিয়াকে মারধর করতে থাকেন। ইদ্রিসকে উদ্ধার করতে এগিয়ে যান কাশেম সরদার। এ সময় কাশেমের মাথায় লাঠির আঘাত লাগে। গুরুতর আহতাবস্থায় তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পথে রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।